নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘গঙ্গাসাগর পর্যন্ত রেল পথ তৈরির প্রকল্প ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকও সফল হয়েছে। কিন্তু প্রকল্প বাস্তবায়নের কোনো সময়সীমা এখনই বলা সম্ভব নয়।’ সোমবার দিল্লিতে একথা স্পষ্টই জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতি বাংলার একাধিক রেল প্রকল্প এবং কলকাতা মেট্রো নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দুবাবু। নয়াদিল্লির রেলভবনে রেলমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয়েছিল। ওই বৈঠকের পর শুভেন্দুবাবু জানিয়েছিলেন যে, প্রস্তাবিত ওই রেল প্রকল্পের জন্য মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ডিপিআর (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট) তৈরির নির্দেশ দিয়েছিলেন। প্রাথমিকভাবে এই প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা। বিশেষত গঙ্গাসাগর মেলার সময় অকুস্থলে পৌঁছতে প্রতিবারই কিছু সমস্যায় পড়েন দর্শনার্থীরা। রেল যোগাযোগ ব্যবস্থা তৈরি হলে সাধারণ মানুষের আরও বেশ কিছুটা সুরাহা হবে।



