অফিস টাইমে লরির ধাক্কায় ভাঙল রেলগেট, চম্পাহাটিতে তীব্র যানজট
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: শুক্রবার অফিসটাইমে চম্পাহাটি স্টেশনের কাছে রেলগেট ভেঙে বিপত্তি ঘটল। জানা গিয়েছে, ইট ভরতি একটি লরির ধাক্কায় রেলগেট ভেঙে যায়। যানজট আরও বেড়ে যায়। চরম দুর্ভোগে পড়তে হয় অফিসযাত্রীদের। এর ফলে ক্যানিং শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়। পরে রেলের লোকজন ও আরপিএফ ঘটনাস্থলে যায়। দ্রুত রেলগেট মেরামত করা হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘রেলগেটের সমস্যা দ্রুত মিটিয়ে দেওয়া হয়েছে। ট্রেন চলাচলে খুব একটা প্রভাব পড়েনি।’

Advertisement

চম্পাহাটির এই রেলগেটটি ভেঙে যাওযার ঘটনা সাম্প্রতিক অতীতে একাধিকবার ঘটেছে বলেই দাবি স্থানীায় বাসিন্দাদের। এমনিতেই এই রেলগেটে যথেষ্ট যানজট হয়। তার উপর রেলগেটে কোনো সমস্যা হলে সেই যানজট ভয়াবহ আকার নেয়। অভিযোগ, যে যার মত অটো- টোটো বা বাইক রাস্তার পাশে রেখে চলে যায়। গাড়ির লম্বা লাইন লেগেই আছে। এর সঙ্গে যত্রতত্র গজিয়ে উঠেছে অটো ও টোটোর স্ট্যান্ড। 
এলাকার বাসিন্দাদের কথায়, ‘বেপরোয়া গাড়ির চলাচল বেড়েই চলেছে। তার জন্য মাঝেমঝ্যে রেলগেট ভেঙে যায়। আবার মেরামত হয়। অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের। অনেক সময় যানজটের জন্য রেলগেট ফেলতেই সমস্যায় পড়তে হয়। পড়ুয়ারা ঠিক সময়ে স্কুলে যেতে পারে না। সময়ে ট্রেন ধরতে যাওয়াও কঠিন হয়ে পড়ে।’ পুলিশ-প্রশাসন কেন কয়েক বছরেও এই সমস্যা মেটাতে পারল না—প্রশ্ন তুলেছেন তাঁরা। প্রবীণ বাসিন্দা অমল ঘোষ বলেন, ‘হাসপাতালে যাওযার পথে অ্যাম্বুলেন্স আটকে পড়ে যানজটে। ভোট আসে ভোট যায়। কিন্তু আমাদের এই সমস্যার কোনো সমাধান হয় না!’