নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: নাবালিকা ধর্ষণ ও খুনকাণ্ডে মূল অভিযুক্তের পুলিশ এনকাউন্টার ঘিরে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে। মৃত নির্যাতিতার পরিবার থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, জেলার দুই বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী, বিরাজ বিশ্বাসরা পুলিশের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁরা উল্লেখ করেছেন, নারী নির্যাতনে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতির কথা। ঘটনাকে পূর্ণ সমর্থন জানিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। সমাজমাধ্যমে উঠে এসেছে এনকাউন্টারকে সমর্থন করে মিশ্র প্রতিক্রিয়া। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে বিজেপির মহিলা মোর্চা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে জনসাধারণের মধ্যে লাড্ডু বিতরণ করেন। তবে এনকাউন্টার নিয়ে ভিন্ন সুর সিপিএম নেতৃত্বের গলায়।
সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম পাল বলেন, নারী নির্যাতনের ঘটনা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। আমরাও তা মানতে পারি না। কিন্তু মেয়েটি যখন ৩ নভেম্বর নিখোঁজ হয় তখন থেকেই পুলিশ নিষ্ক্রিয় ছিল। ৫ নভেম্বর মেয়েটির দেহ উদ্ধার হয়। পুলিশ তৎপর হলে আগেই খোঁজ মিলতো। হয়তো প্রাণে বেঁচে যেত। আসলে ঘটনার সঠিক তথ্য যাতে উদ্ঘাটিত না হয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এসব এনকাউন্টারের তত্ত্বকে মানুষের সামনে হাজির করা হচ্ছে। একজন অভিযুক্তেরও মানবিকতা আছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে। যাবজ্জীবন সাজা হতে পারে।
রাজ্যের এই জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে শুধু পালানো নয়, পুলিশকে লক্ষ্য করে গুলি করে। স্বাভাবিকভাবেই পুলিশকে গুলি করলে, পুলিশ তো আর লাড্ডু ছুড়বে না!
এদিকে, রাজ্যের শিক্ষা, দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, এটাই বদলের পশ্চিমবঙ্গ। এখানে অপরাধীদের কোন ছাড় নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, পুলিশ পরিস্থিতি ও পরিবেশ অনুসারে ব্যবস্থা নেবে। রায়গঞ্জের এদিনের ঘটনা সেটাই প্রমান করে।
একই সুর করণদিঘির বিধায়ক তথা রাজ্যের আইন ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিরাজ বিশ্বাসের। তিনি বলেন, অভিযুক্ত বিহারে পালানোর চেষ্টায় ছিল। পুলিশ গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে অবৈধ আগ্নেয়াস্ত্র থেকে অভিযুক্ত গুলি ছোঁড়ে। সেই গুলির চিহ্ন পুলিশের গাড়িতে রয়েছে। তারই জবাব দিয়েছে পুলিশ। এজন্য পুলিশকে ধন্যবাদ।
পুলিশের পদক্ষেপকে সমর্থন জানিয়ে জেলা কংগ্রেস সভাপতি তুষারকান্তি গুহ বলেন, প্রশাসন পদক্ষেপ নিয়েছে। উপযুক্ত দোষীর এনকাউন্টার হয়েছে। আমরা এর পূর্ণ সমর্থন জানাচ্ছি। কারণ, প্রত্যেকের পরিবারে সন্তান আছে। তাঁদেরও নিরাপত্তা প্রয়োজন।



