সংবাদদাতা, রায়গঞ্জ: পুজোর মুখে রায়গঞ্জ শহরের যানজট সমস্যা মেটাতে পদক্ষেপ নিল রায়গঞ্জ পুলিশ জেলা। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। টোটো চলাচলের ক্ষেত্রে একাধিক নিয়ম করা হয়েছে। ট্রাফিক আইন না মানলে করা হচ্ছে জরিমানাও। রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রায়গঞ্জ শহরের মূল রাস্তায় শুধু ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ২০ জন পুলিশ আধিকারিক মোতায়েন করা রয়েছে। সঙ্গে থাকছে ৪০ জন সিভিক ভলান্টিয়ার।
পুজোর ঠিক মুখে রায়গঞ্জ শহরে কেনাকাটার ধুম লেগেছে। গ্রাম থেকে শহরে আসছেন মানুষ। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি শহরের নিরাপত্তার দিকটিও দেখছে পুলিশ প্রশাসন। পুজোর আগে শহরে নাকা তল্লাশিও বৃদ্ধি করা হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলার এসপি সানা আক্তার বলেন, পুজোর আগে শহরে ভিড় হওয়াটা স্বাভাবিক। তবে যানজট কমাতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধমূলক কাজকর্ম রুখতে নাকা চেকিং চলছে। আশা করছি, মহালয়ার পরপরই পুজো গাইড ম্যাপ প্রকাশিত হবে। যাতে দর্শনার্থীরা সহজে দেবীদর্শন করতে পারেন।
পুজোর আগে এবং পুজোর সময় ভিড় সামাল দেওয়া পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। ট্রাফিকে কর্মরত পুলিশদের স্বাস্থ্য ঠিক রাখতে ওআরএস এবং পানীয় জলের ব্যবস্থা করেছে রায়গঞ্জ পুলিশ জেলা। পুজো পর্যন্ত ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের দুই বেলা এই পরিষেবা দেওয়া হবে। এসপি বলেন, পুজোর সময় পুলিশের বাড়তি পরিশ্রম হয়। তাঁদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা চালু করা হয়েছে।