Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরে খাবারের দোকানে অভিযান মিলল একাধিক অসঙ্গতি, হুঁশিয়ারি

প্যাকেটজাত খাবারে তারিখ না লেখা থাকলে এবং সেটা বিক্রি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

শহরে খাবারের দোকানে অভিযান মিলল একাধিক অসঙ্গতি, হুঁশিয়ারি
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: প্যাকেটজাত খাবারে তারিখ না লেখা থাকলে এবং সেটা বিক্রি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ময়নাগুড়ি নতুন বাজারে অভিযান চালিয়ে এ কথাই ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছেন উপভোক্তা বিষয়ক দপ্তর ও খাদ্যসুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পুরসভার আধিকারিকদের  নিয়ে বাজারে অভিযান চালান তাঁরা। খাবারের দোকানের পাশাপাশি চা-এর দোকানেও চলে অভিযান। বেশকিছু দোকানের রান্নাঘরের অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন আধিকারিকরা। অস্বাস্থ্যকর পরিবেশ কেন, প্রশ্ন করা হয় দোকান মালিকদের। যাঁরা খাবারের দোকান চালাচ্ছেন তাঁদের সাত দিনের মধ্যে ফুড লাইসেন্স করার নির্দেশ দেন। এক সপ্তাহ পর ফের পরিদর্শনে আসা হবে বলে জানিয়ে দেওয়া হয়। বেশকিছু দোকান থেকে খাবারের নমুনাও সংগ্রহ করে নিয়ে যান আধিকারিকরা। 

Advertisement

ময়নাগুড়ি পুরসভার এগজিকিউটিভ অফিসার প্রণয়কুমার বসু বলেন, নতুন বাজারে একটি চা-স্ন্যাক্সের দোকানে অভিযানে যাওয়া হলে ওই দোকানদার ব্যবসা সংক্রান্ত কোনও নথি দেখাতে পারেননি। তাঁকে সাত দিন সময় দেওয়া হয়েছে। এরপর যেকোনও দিন দোকানে আসা হবে। নথিপত্র না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাজারে খাবারের প্রত্যেক দোকানদারকে জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজন অনুসারে ফুড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স হাতের কাছে রাখতে। দরকার হলে ওসব নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে। দোকান পরিষ্কার পরিচ্ছন্নভাবে চালাতে বলা হয়েছে। 
উপভোক্তা বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল বলেন, প্রয়োজনীয় নথিপত্র তো করতেই হবে পাশাপাশি প্রত্যেক ব্যবসায়ী ও তাঁদের কর্মীদের স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। তাঁরা সুস্থ কি না, সেটা দেখা হবে। বিভিন্ন বিষয় এদিন বুঝিয়ে দিয়েছি। ফের আসব। কোনও ব্যবসায়ী যদি প্রয়োজনীয় লাইসেন্স না দেখাতে পারেন কিংবা অস্বাস্থ্যকর পরিবেশ দোকানে পাওয়া যায় তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করব। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ