Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিফলে রাহুলের লড়াই, দিল্লিকে হারাল গুজরাত

আত্মবিশ্বাস আর আত্মতুষ্টির মধ্যে সূক্ষ রেখাটা কি বুঝতে পারেননি ডেভিড মিলার? পারলে হয়তো বুধবার চলতি আইপিএলে প্রথম হারের মুখ দেখতে হত না দিল্লি ক্যাপিটালসকে।

বিফলে রাহুলের লড়াই, দিল্লিকে হারাল গুজরাত
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আত্মবিশ্বাস আর আত্মতুষ্টির মধ্যে সূক্ষ রেখাটা কি বুঝতে পারেননি ডেভিড মিলার? পারলে হয়তো বুধবার চলতি আইপিএলে প্রথম হারের মুখ দেখতে হত না দিল্লি ক্যাপিটালসকে। শেষ দু’বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রান। শেষ ওভারের পঞ্চম বলে এক রান নেওয়ার সুযোগ থাকলেও তা নেননি মিলার। শেষ বলে বড় শটে দলকে জেতাতে চেয়েছিলেন প্রোটিয়া ব্যাটার। তবে হল উলটো। প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট বল মিস করতেই রানের জন্য দৌঁড়ালেন। তবে নন-স্ট্রাইকারে থাকা কুলদীপ রান আউট হতেই হাতের নাগালে আসা ম্যাচ ফসকাল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি দলটি। মাত্র ১ রানে দিল্লিকে হারিয়ে এবারের জয়ের খাতা খুলল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করতে নেমে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২১০। জবাবে দিল্লির ইনিংস থামল ২০৯ রানে। দলের হারে বিফলে গেল লোকেশ রাহুলের ৯২ রানের ইনিংস।

Advertisement

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট! প্রথম দু’টি ম্যাচ হেরে চাপে ছিল গুজরাত টাইটান্স। তবে ব্যর্থতার কানাগলি থেকে দলকে টেনে তুলতে দায়িত্ব কাঁধে তুলে নিলেন শুভমান গিল। তাঁর অধিনায়কোচিত অর্ধশতরানে বুধবার ফিরোজ শাহ কোটলায় বড় স্কোর গড়ল গুজরাত। গিল ৪৫ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন। পাশাপাশি অর্ধশতরান হাঁকিয়েছেন জস বাটলার (৫২) এবং ওয়াশিংটন সুন্দরও (৫৫)। জবাবে দিল্লি ক্যাপিটালসও পালটা আক্রমণের পথ বেছে নিয়েছিল। রাহুলের সঙ্গে জুটি বেঁধে ৭৬ রান তোলেন নিশাঙ্কা (৪১)। তবে শ্রীলঙ্কার ব্যাটার ফিরলেন ধস নামে দিল্লি মিডল অর্ডারে। একপ্রান্ত থেকে রাহুল লড়াই চালালেও, নীতীশ রানা (৫), সমীর রিজভি (০), অক্ষর প্যাটেল (২), ট্রিস্টান স্টাবস (৭) কেউই ক্রিজে দাঁড়াতে পারেননি। শেষের দিকে মিলার ২০ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেললেও তা কাজে এল না।

Advertisement
সম্পর্কিত সংবাদ