নয়াদিল্লি, ৭ নভেম্বর: পেট্রোলে নির্ধারিত ২০ শতাংশের বেশি ইথানল মেশানো হচ্ছে। এমনই অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি কর্নাটকের সাতটি জেলা থেকে সংগ্রহ করা ১৪টি পেট্রোলের নমুনার মধ্যে ১১টিতেই ইথানলের পরিমাণ ২০ শতাংশের বেশি মিলেছে। একটি স্বীকৃত পরীক্ষাগারে এই নমুনাগুলি পরীক্ষা করা হয়েছে বলে দাবি রাগুলের।
আজ শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট করে কেন্দ্রের ইথানল মিশ্রণ নীতির সমালোচনা করেন রাহুল। তাঁর কটাক্ষ, ই২০ পরিণত হয়েছে ৪২০-তে। সাধারণ মানুষের গাড়ি থেকে পেট্রোল চুরি করা হচ্ছে। তাঁর দাবি অনুযায়ী, ইন্ডিয়ান অয়েলের একটি নমুনায় ইথানলের পরিমাণ ৩১.২ শতাংশ এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের নমুনায় ৩০.৫ শতাংশ পাওয়া গিয়েছে। বেঙ্গালুরু, কোলার, চিক্কাবল্লাপুর, বেঙ্গালুরু গ্রামীণ, রামনগর, মাঙ্গালুরু ও তুমাকুরু থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে জানা গিয়েছে। এই অভিযোগ ঘিরে কর্নাটক সরকার ও তেল সংস্থাগুলির মধ্যে ইতিমধ্যেই ব্যাপক সংঘাত তৈরি হয়েছে। রাজ্যের দাবি স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষায় একাধিক নমুনায় নির্ধারিত সীমার বেশি ইথানল মিলেছে। যদিও আইওসিএল, বিপিসিএল ও এইচপিসিএল যৌথ বিবৃতিতে এই রিপোর্ট খারিজ করেছে। তাদের দাবি নমুনা সংগ্রহ এবং পরীক্ষার পদ্ধতি নির্ধারিত নিয়ম মেনে হয়নি। ফলে এই রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে এই সমস্ত সংস্থাগুলি।



