আরও ভয়াবহ দিল্লির দূষণ, দীপাবলির আগে বাড়ছে উদ্বেগ
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৮:৫১
Prefer us on Google

নয়াদিল্লি, ৭ নভেম্বর: দীপাবলির আগে ফের উদ্বেগ বাড়াচ্ছে দিল্লির বায়ুদূষণ। আজ শনিবার সকালে রাজধানীর গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে ৩৬৬-তে। বাতাসের গুণমান রয়েছে অতি খারাপ। তবে উদ্বেগের বিষয় দিল্লির ২২টি পর্যবেক্ষণ কেন্দ্রে একিউআই ৪০০-র গণ্ডি ছাড়িয়েছে। সর্বোচ্চ দূষণের মাত্রা রেকর্ড হয়েছে আর কে পুরমে ৪৪২।

Advertisement

এই পরিস্থিতি মোকাবিলায় গতকাল ৬ নভেম্বর দিল্লি-সহ সমগ্র এনসিআর এলাকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের তৃতীয় পর্যায় কার্যকর করেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। নতুন বিধিনিষেধ অনুযায়ী নির্মাণ ও ভাঙার কাজের একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ থাকবে পাথর খাদান ও ক্রাশার সংক্রান্ত কাজও। দিল্লি এবং গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরে বিএস ৩ পেট্রল এবং বিএস ৪ ডিজেল চারচাকা গাড়ি চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

পাশাপাশি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য অনলাইন ও অফলাইন মিলিয়ে হাইব্রিড পদ্ধতিতে ক্লাসের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ এবং বাকিদের বাড়ি থেকে কাজের বিষয়টিও বিবেচনা করতে পারে সংশ্লিষ্ট সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ এই দূষিত বাতাসে থাকলে শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, গাড়ি ব্যবহার এবং দূষিত বাতাসে দীর্ঘক্ষণ না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।