পুলিশের হাতে গ্রেপ্তার দিল্লিতে লুকিয়ে থাকা মণিপুরের জঙ্গি
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। অভিযুক্তের নাম আর কে রেগন সিং ওরফে গান্ধী। ৩৫ বছর বয়সি ওই যুবক মণিপুরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্য বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে মণিপুরে ইউএপিএ ধারায় দু’টি মামলাও হয়েছে। 

Advertisement

পুলিশ জানিয়েছে, রেগন সিং মণিপুরের থাঙ্গমেইবান্দ লোউরোংগুরেল লেইকাইয়ের বাসিন্দা। সিসি ক্যামেরা ফুটেজ ও স্থানীয় সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দক্ষিণ দিল্লির ইউসুফ সরাই থেকে রেগনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। ডিসিপি হর্ষ ইন্দোরা এক বিবৃতিতে জানিয়েছেন, পরবর্তী তদন্তের জন্য মণিপুর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, গত ৩ সেপ্টেম্বর নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিএলএ’র এক সদস্যের উপস্থিতির খবর পায় পুলিশ। শুরু হয় নজরদারি। জানা যায়, দিল্লি এইমসের কাছে কোথাও রয়েছে অভিযুক্ত। কিন্তু হাসপাতালে ওই নামে কাউকে খুঁজে পাননি তদন্তকারীরা। এর পরেই ইউসুফ সরাইয়ের বিভিন্ন হোটেল, সফদরজং এনক্লেভ এবং গ্রিন পার্ক এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। কিন্তু রেগনের কোনো ছবি না থাকায় সমস্যায় পড়েন তদন্তকারীরা। পরে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ বুঝতে পারে, তাঁরা ঠিক লোককেই ধরেছে। জেরায় অভিযুক্ত জানায়, তাঁর কাকা পিএলএ’র প্রতিষ্ঠাতা সদস্য। সেই সূত্রেই এই জঙ্গিগোষ্ঠীতে যোগ দেন তিনি।