নয়াদিল্লি: জ্ঞানেশ কুমার ইস্যুতে বিজেপিকে চাপে রাখতে মরিয়া কংগ্রেস। দিনকয়েক আগে একসঙ্গে রাজধানীর পথে নেমেছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা। এরইমাঝে গান্ধী পরিবারের মধ্যেই বিরোধের গন্ধ পাচ্ছে গেরুয়া শিবির। নেপথ্যে প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরার ছেলে রেহান ওয়াধেরার আলোকচিত্র প্রদর্শনী। শুক্রবার বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীর কটাক্ষ, রেহানের প্রদর্শনী থেকে ছবি সরানোর নির্দেশ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু নীরব প্রিয়াঙ্কার দাদা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর এতেই পরিবারে অন্তর্দ্বন্দ্বের বিষয়টি স্পষ্ট।
প্রদীপ ভাণ্ডারীর কথায়, কংগ্রেসে প্রিয়াঙ্কা বনাম রাহুলের লড়াই শুরু হয়েছে। প্রিয়াঙ্কা বোধহয় তাঁর ভাইয়ের উপর আস্থা হারিয়েছেন। আসলে বিতর্ককে হাতিয়ার করে রাজনীতির আঙিনায় ছেলে রেহানের হাতেখড়ি করাতে চাইছেন প্রিয়াঙ্কা। বর্তমানে ভিয়েতনামে রয়েছেন রাহুল। সূর্যালোকের নীচে থাকা যাবতীয় বিষয়ে পোস্ট করছেন তিনি। কিন্তু ভাগ্নে রেহানের সমর্থনে প্রকাশ্যে একটাও বাক্য লেখেননি। এর থেকেই পরিবারের মধ্যে ফাটল স্পষ্ট হচ্ছে।
প্রদীপের মন্তব্যের পরেই গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা ময়দানে নামলেও এখনও পর্যন্ত হাত শিবিরের তরফে কোনো বিবৃতি মেলেনি। এর আগে ২০২৩ সালের একটি পোস্টে রাহুলের কব্জিতে কোনো রাখি না থাকায় রাহুল-প্রিয়াঙ্কার বিবাদ জল্পনায় সরব হয়েছিল বিজেপি। এমনকি রবার্ট ওয়াধেরার প্রার্থী হওয়া নিয়েও মাঝে বাজার গরমের চেষ্টা করেছিল বিজেপির শীর্ষনেতারা। তাঁদের দাবি ছিল, রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেসে প্রিয়াঙ্কা ও তাঁর স্বামীর তেমন গুরুত্ব নেই। ফের সেই চেনা অস্ত্রেই ফের শান দেওয়ার চেষ্টায় পদ্মশিবির।



