নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও হামলার ঘটনায় গোটা দেশ স্তব্ধ। পাকিস্তানকে প্রত্যাঘাতের ইস্যুতে সরকারের সঙ্গে রয়েছে সব বিরোধী দলই। তবে এমত পরিস্থিতিতে নিহতদের প্রতি শোক প্রকাশের পাশাপাশি পাকিস্তানকেও যাতে রাজনৈতিক ঐক্যর বার্তা দেওয়া যায়, তারই লক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। এই দাবিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন সংসদের দুই সভার (রাজ্যসভা, লোকসভা) বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধী। সরকারের ওপর আদতে চাপ সৃষ্টি করলেন তাঁরা। এ ব্যাপারে অন্য বিজেপি বিরোধী দলকেও সঙ্গে চায় কংগ্রেস।
রাহুল গান্ধীর দলের স্ট্র্যাটেজি হল, পাকিস্তানের উপর হামলায় মোদি সরকার যা করবে, তা সমর্থন করা হবে। আবার নিরাপত্তা গাফিলতির বিষয়টিও তুলে ধরা হবে। কারণ, গত ২৪ এপ্রিল সরকারের ডাকা সংসদীয় সর্বদল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বীকার করে নিয়েছেন যে, পহেলগাঁওয়ে নিরাপত্তা গাফিলতি ছিল। গত ২০ এপ্রিল থেকে যে বৈসরনে পর্যটকদের যাতায়াত বেড়ে গিয়েছে, সেই খবর সরকারের কাছে ছিলই না।
এই প্রসঙ্গেই মোদির সমালোচনায় মঙ্গলবার কংগ্রেস ‘এক্স’ হ্যান্ডেলে একটি কার্টুন পোস্ট করেছে। সেখানে মোদির আদলে মুণ্ডহীন চোস্ত পাঞ্জাবি পরা এক ব্যক্তির চিত্র পোস্ট করা হয়েছে। মুণ্ডর জায়গায় ইংরেজিতে লেখা ‘গায়েব’। ক্যাপসনে লেখা ‘দায়িত্ব নেওয়ার সময় গায়েব।’ ওই ছবি দেখে বিজেপি ক্ষেপে আগুন। তারা বলেছে, পাকিস্তানের ভাষায় কথা বলছে কংগ্রেস। বিভেদ, বেপরোয়া, দিশাহীন রাজনীতি করছে। কংগ্রেস হল দ্বিতীয় মুসলিম লিগ। দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, ওরা হল লস্কর-ই-পাকিস্তান কংগ্রেস। রাহুল গান্ধীর নির্দেশেই প্রধানমন্ত্রীকে এভাবে কটাক্ষ করা হয়েছে। কংগ্রেস পাকিস্তানকে সুবিধাজনক বার্তা দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের পোস্ট অত্যন্ত নিন্দনীয়।