লখনউ, ২৬ অক্টোবর: সাতসকালে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়। লখনউ থেকে সুলতানপুরের পথে যাত্রা করছিলেন কংগ্রেস নেতা। গন্তব্যের দিকে এগিয়ে চলেছিল তাঁর কনভয়ও। কিন্তু উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আচমকাই ঘটে গেল বিপত্তি। রাহুল গান্ধীর কনভয়ের পাঁচটি গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে আহত হয়েছেন একাধিক ব্যক্তি। আহতদের মধ্যে কংগ্রেসের দলীয় কর্মী এবং নিরাপত্তারক্ষীরাও রয়েছেন। তবে এই দুর্ঘটনায় নিরাপদ রয়েছেন রাহুল গান্ধী।
ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার হালিয়াপুর থানা এলাকার অন্তর্গত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৮৯.৫ কিলোমিটার পয়েন্টের কাছে। পুলিশের প্রথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষে হওয়া গাড়িগুলি রাহুল গান্ধীর গাড়ির পিছনে চলছিল। ফলে দুর্ঘটনার আঁচ তাঁর গাড়ি পর্যন্ত পৌঁছয়নি। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের ডান দিকের লেনে ছিল অ্যাম্বুল্যান্সটি। অন্যদিকে, পাশের লেনগুলিতে একাধিক গাড়ি পাশাপাশি চলছিল। সংঘর্ষের পর একটি গাড়ির সামনের বনেটটি দুমড়ে-মুচড়ে যায়।
এদিন সুলতানপুরের একটি বিশেষ এমপি-এমএলএ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নিয়ে কথিত আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মানহানির মামলার শুনানি ও রায় ঘোষণাকে কেন্দ্র করেই আদালতে যাওয়ার কথা ছিল তাঁর। আদালতে হাজিরা দিতে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।



