নদীতে ভেসে এল শয়ে শয়ে ভোটার কার্ড! থানায় অভিযোগ দায়ের কংগ্রেসের
  • ২৬ অক্টোবর, ২০২৬ ১০:৪৪
Prefer us on Google

ভোপাল, ২৬ অক্টোবর: নদীর পাড়ে চলছিল সাফাই অভিযান। আর সেই কাজ করতে গিয়ে যা মিলল তা দেখে চক্ষু চড়কগাছ সবার। নদীর পাড়ে পড়ে রয়েছে শয়ে শয়ে ভোটার কার্ড। রবিবার নর্মদা নদীর তীর থেকে মোট ৩৪৩টি ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের খরগোন জেলার মান্ডলেশ্বর শহরে। কীভাবে এত বিপুল সংখ্যক ভোটার কার্ড নদীর ধারে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং এফআইআর দায়েরের দাবি জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। 

Advertisement

প্রথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির সঙ্গে ইন্দোর জেলার রাউ বিধানসভা কেন্দ্রের যোগ রয়েছে। নদীর তীরে সাফাই অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা কার্ডগুলি দেখতে পান। এরপর সেগুলি সংগ্রহ করে প্রশাসনকে খবর দেওয়া হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হওয়া ভোটার কার্ডের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সরব হয়েছে কংগ্রেস। দলের জেলা সভাপতি রবি নায়েক দলীয় কর্মীদের সঙ্গে মান্ডলেশ্বর থানায় গিয়ে একটি অভিযোগও দায়ের করেন। ভোটার পরিচয়পত্র কীভাবে নদীর তীরে পৌঁছল, তা খতিয়ে দেখার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। শুধু এফআইআর দায়ের নয়, নর্মদা নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোরও দাবি জানিয়েছে কংগ্রেস। নদীর জলে আরও ভোটার কার্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চায় তারা। দ্রুত এফআইআর দায়ের না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন রবি নায়েক।

অন্যদিকে, মান্ডলেশ্বরের মহকুমা পুলিশ আধিকারিক শ্বেতা শুক্লা জানিয়েছেন, নদীর তীরে সাফাই অভিযানের সময়ই ভোটার কার্ডগুলি উদ্ধার হয়। রাজস্ব দপ্তরের কর্মীরা কার্ডগুলি নিজেদের হেফাজতে নিয়েছেন। পাশাপাশি, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে থানার ভারপ্রাপ্ত আধিকারিককে। কংগ্রেসের তরফেও পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। ভোটার পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ নথি কীভাবে নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রইল, তা এখন তদন্তের বিষয়। প্রশাসনিক তদন্তে এই ঘটনার প্রকৃত কারণ সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে।