ভোপাল: দিল্লির রামলীলা ময়দানের পর এবার মধ্যপ্রদেশ। আগামী ১২ ডিসেম্বর ভোপালে হবে ‘ইন্ডিয়া’ শিবিরের ‘সংবিধান রক্ষা পদযাত্রা’। অংশ নেবেন মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী জোটের শীর্ষ নেতানেত্রীরা। পদযাত্রা শেষে জনসভা হবে লাল প্যারেড গ্রাউন্ডে।
কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে, ‘ভোট চুরি’র বিরুদ্ধে ও সংবিধান রক্ষার লক্ষ্যে ডিসেম্বর মাসে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটির দাবি, ১২ ডিসেম্বরের কর্মসূচিতে প্রায় দেড় লক্ষ মানুষের জমায়েত হবে। প্রদেশ কংগ্রেসের মিডিয়া কো-অর্ডিনেটর অভিনব বারোলিয়া বলেন, ‘লাল প্যারেড গ্রাউন্ডে সভার জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কর্মসূচির শুরুতেই সংবিধানের স্থপতি বাবসাহেব আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন রাহুল গান্ধী। এরপর শুরু হবে পদযাত্রা। জেলা আদালত, পুরানো সংশোধনাগার ও কন্ট্রোল রুমের সামনে দিয়ে যাবে সেই মিছিল। পদযাত্রা শেষে লাল প্যারেড গ্রাউন্ডে হবে জনসভা।’
কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান মুকেশ নায়েক বলেন, আমরা প্রশাসনের অনুমতির অপেক্ষায় আছি। নায়েকের আশঙ্কা, ভোপালের কর্মসূচির আগে বিভিন্ন বাধা বিপত্তি সৃষ্টি করা হতে পারে। ঠিক যেমনটা ইন্দোরে রাহুল গান্ধীর সভার আগে হয়েছিল। শুক্রবার নায়েক সহ কংগ্রেসের একটি প্রতিনিধি দল দেখা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মনিকা শুক্লার সঙ্গে। সভাস্থলের অনুমতি চেয়ে দলের তরফে একটি স্মারকলিপি পেশ করেন তাঁরা। পুলিশের ওই আধিকারিক তাঁদের জানিয়েছেন, রবিবারের মধ্যেই এবিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।



