প্রতিবাদ মিছিলের পাশাপাশি কেনাকাটার ডাক রাহুলের, ব্যবসায়ীদের ক্ষতি হবে না বলে আশ্বাস
  • ১ নভেম্বর, ২০২৬ ০৯:৩০
Prefer us on Google

নয়াদিল্লি, ১ নভেম্বর: প্রথমে প্রতিবাদ মিছিল। কিন্তু তার পাশাপাশি দিল্লির বাজারে কেনাকাটারও ডাক দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রস্তাবিত সমাবেশ ঘিরে ব্যবসায়ীদের আশঙ্কার মধ্যেই এই বার্তা দিলেন রাহুল। 
এই সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ দিল্লিতে আসবেন বলে আশা। তাঁদের উদ্দেশে রাহুলের আবেদন, প্রতিবাদ ও মিছিলের পাশাপাশি স্থানীয় দোকানগুলি থেকেও কেনাকাটা করুন। তাঁর বক্তব্য, এই সমাবেশে ব্যবসায়ীদের ক্ষতি হবে না। বরং উৎসবের মরশুমে স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন। বিজেপি ভয় পেয়ে ব্যবসায়ীদের মধ্যে গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, দীপাবলির আগে আজ সমাবেশের দিন ধার্য হওয়ায় আপত্তি জানিয়েছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনের দাবি পুরনো দিল্লি ও মধ্য দিল্লির প্রায় ২০টি বড়ো পাইকারি ও খুচরো বাজারে দৈনিক ১০ থেকে ১২ হাজার কোটি টাকার ব্যাবসা হয়। সমাবেশে ১০ লক্ষ মানুষের জমায়েত এবং ১৫-২০ হাজার গাড়ির উপস্থিতিতে ব্যাবসা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই ১১ নভেম্বরের পর সমাবেশ করার আর্জি জানিয়েছিল তারা।
এদিকে শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট প্রস্তাব আনে ইন্ডিয়া জোট। ভোটার তালিকা থেকে প্রায় ১৩.২ কোটি নাম বাদ দেওয়ার অভিযোগ সহ ছয়টি অভিযোগ তোলা হয়। যদিও এই কর্মসূচিকে প্রহসন বলে কটাক্ষ করেছে বিজেপি। অপরদিকে, ভোটার তালিকা নিয়ে বিতর্কে রাহুল ও অখিলেশ যাদবকে সংসদের বিশেষ অধিবেশনে বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement