বার্সেলোনা- ৭ : রেসিং সানতানডার- ২
বার্সেলোনা- ৭ : রেসিং সানতানডার- ২
বার্সেলোনা: লা লিগায় অশ্বমেধের ঘোড়া মতো ছুটছে বার্সেলোনা। টানা ৬টি ম্যাচে জিতে লিগ তালিকায় শীর্ষস্থান মজবুত করল কাতালন ক্লাবটি। প্রতি ম্যাচেই প্রতিপক্ষের উপর রোলার চালাচ্ছে হান্স ফ্লিকের ছেলেরা। সব টুর্নামেন্ট মিলিয়ে চলতি আসরে ৭ ম্যাচে ৩৩ বার জাল কাঁপালেন বার্সা অ্যাটাকাররা। বুধবার ঘরের মাঠে রেসিং সানটানডেরকে ৭-২ গোলে হারাল তারা। দলের জয়ে আরও একবার নায়ক সেই রাফিনহা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক তাঁর। এছাড়া বার্সার হয়ে জাল কাঁপান যথাক্রমে হোয়াও কানসেলো, গ্যাব্রিয়েল হেসাস ও লামিনে ইয়ামাল। অপর গোলটি আত্মঘাতী। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে বার্সার সংগ্রহ ১৮ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
হান্স ফ্লিকের প্রশিক্ষণে গত দুই মরশুমে লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগ পায়নি। চলতি মরশুমে তাই ইউরোপ সেরার খেতাবকে পাখির চোখ করেই একের পর এক ফুটবলার সই করিয়েছেন কর্তারা। বার্সার খেলাতেও তাঁর ছাপ স্পষ্ট। আদেয়েমি, রড্রি, গর্ডনরা আসাতে আরও বেশি ক্ষুরধার হয়েছে বার্সা। প্রতি ম্যাচেই প্রতিপক্ষ রক্ষণ নিয়ে ছেলেখেলা করছেন রাফিনহা, ইয়ামালরা। তবে দলের বড়ো জয়ের দিনেও গোল হজম কিছুটা হলেও মাথাব্যথার কারণ হতে পারে কোচ ফ্লিকের। তারউপর হাঁটুর চোটে বেশ কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া, যা অবশ্যই বার্সার জন্য বড়ো ধাক্কা।