বার্সেলোনা: বিফলে গেল বোরহা ইগলেসিয়াসের হ্যাটট্রিক। দু’গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয় বার্সেলোনার। ঘরের মাঠে সেলতা ভিগোকে ৪-৩ ব্যবধানে হারায় হান্স ফ্লিকের দল। জোড়া গোলে ম্যাচের নায়ক রাফিনহা। এমনকী, সংযোজিত সময়ে বার্সার জয়সূচক গোলটিও এসেছে এই ব্রাজিলিয়ান উইঙ্গারের পা থেকে। সেই সুবাদে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল কাতালন ক্লাবটি।
শনিবার প্রথম মিনিট থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছিল ম্যাচ। ১২ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ফেরান তোরেস (১-০)। তবে লিড নেওয়ার পর অজানা কারণে ম্যাচ থেকে হারিয়ে যান লিওয়ানডস্কিরা। সেই সুযোগে ১৫, ৫২ ও ৬২ মিনিটে বার্সার জাল কাঁপিয়ে হোম সমর্থকদের স্তব্ধ করেন বোরহা (৩-১)। তবে ৬৪ মিনিটে বার্সাকে লড়াইয়ে ফেরান সুপার সাব ড্যানি ওলমো (৩-২)। তার চার মিনিট পর স্কোরলাইন ৩-৩ করেন রাফিনহা। সমতায় ফিরতেই রীতিমতো জ্বলে ওঠে হোম টিম। এই পর্বে বার্সা অ্যাটাকারদের অহরহ আক্রমণে খেই হারিয়ে ফেলে সেলতার ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত সংযোজিত সময়ে পেনাল্টি আদায় করে হোম টিম। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি রাফিনহার (৪-৩)।