নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ডায়াগনস্টিক সেন্টারে ইউএসজি করাতে আসা অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণের অভিযোগে এক রেডিওলজিস্টকে গ্রেপ্তার করেছে শালবনী থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পার্থপ্রতিম মাইতি। তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক ছিল ওই রেডিওলজিস্ট। তবে সম্প্রতি সে বাড়ি ফিরে এসেছিল। শনিবার খবর পাওয়া মাত্রই তাকে শালবনী থানার পুলিস গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ওই রেডিওলজিস্ট ভুয়ো কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে শালবনীর থানা এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে ইউএসজি করতে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ। তিনি পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢোকেন। বাইরে তাঁর স্বামী ও শাশুড়ি অপেক্ষা করছিলেন। অভিযোগ, ইউএসজি করার সময় রেডিওলজিস্ট গৃহবধূকে ধর্ষণ করে। তবে, গৃহবধূ ইউএসজি করার কক্ষ থেকে বেরিয়ে স্বামী ও শাশুড়িকে এবিষয়ে কিছু জানাননি। পরিবারের সদস্যদের সঙ্গে গৃহবধূ বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে পুরো বিষয়টি পরিবারের সদস্যদের জানান। ওই দিনই সন্ধ্যায় শালবনী থানায় গৃহবধূ লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস ধর্ষণের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। ঘটনার পর পালিয়ে যান রেডিওলজিস্ট। অভিযুক্তের খোঁজ শুরু করেন পুলিসের আধিকারিকরা। অভিযুক্ত ওড়িশা রাজ্যে পালিয়ে গিয়েছিল। গোপন সূত্রে পুলিস জানতে পেরে, পারিবারিক সমস্যার জেরে বাড়িতে সে ফিরে এসেছে। এরপর বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে রবিবার মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক চার দিন পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ করলে কেউ ছাড় পাবে না।