সংবাদদাতা, উলুবেড়িয়া: মমতা বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে নয়, বিজেপির নির্দেশেই রেজিনগরে লড়াইয়ে রয়েছেন তৃণমূলের মমতা শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। রবিবার উলুবেড়িয়ায় এসে এই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আসলে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী যাতে ওখানে জিততে না পারেন, সেকারণেই রবিউলকে কাঁটা হিসাবে রেখে দেওয়া হয়েছে। সবটাই হয়েছে বিজেপির নির্দেশে।
ঋতব্রত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেন না রবিউল। উনি প্রশাসনের চাপেই প্রার্থী পদ রেখে দিয়েছেন। আমরা রেজিনগরের মানুষকে বলেছি, ফুটবলে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। বিজেপি এবং হুমায়ুন কবিরের দল উভয়েই সাম্প্রদায়িক, দু’ধরনের মৌলবাদকেই পরাজিত করতে হবে। রবিউলকে ভোট দেওয়া মানে বিজেপি বিরোধী এবং হুমায়ুন বিরোধী লড়াইকে দুর্বল করা। বিধায়ক কুণাল ঘোষের গাড়ির উপর হামলা প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, আমার ধারনা পুরোটাই নাটক। আসলে তিনি প্রচারের আলোয় থাকতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের আলো কেড়ে নিতেই কুণাল ঘোষ এসব করছেন। সভা শুরুর অনেক আগেই কেন তিনি সেখানে যাচ্ছিলেন? কেনইবা সঙ্গে করে সাংবাদিকদের নিয়ে যাচ্ছিলেন? তিনি কোন রাস্তা দিয়ে যাবেন, তা লোকজন জানল কী করে? আসলে টিভিতে দিনে চারবার মুখ দেখাতে না পারলে তাঁর ভাত হজম হয় না।