কলকাতা, ১৩ মার্চ: প্রতিবছরের মতো এবারও সাধারণ জনগণের জন্য দোল এবং হোলি উপলক্ষে বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। কিন্তু, এবছর প্রথম রীতি ভেঙে সরোবরের ভিতরে থাকা বিভিন্ন ক্লাবকে অনুষ্ঠান করার জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিল কেএমডিএ। সাধারণ জনগণের জন্য কাল অর্থাৎ শুক্রবার সকাল থেকে পরের দিন অর্থাৎ শনিবার, বিকেল পাঁচটা পর্যন্ত সরোবরের গেট বন্ধ থাকবে। শুধুমাত্র শর্তসাপেক্ষে ক্লাবের সদস্যরা এবং তাঁদের গেস্টরা ঢোকার অনুমতি পাবেন। কী কী সেই শর্ত?
১. শুধুমাত্র খোলা থাকবে ১২ নম্বর গেট।
২. কোনও গাড়ি নিয়ে ভিতরে ঢোকা যাবে না।
৩. বিভিন্ন ক্লাবের প্রত্যেক মেম্বার এবং তাঁদের অতিথিদের জন্য বিশেষ পাস ইস্যু করতে হবে। সেটা ছাড়া ঢোকা যাবে না।
৪. ক্লাব প্রাঙ্গণের বাইরে কেউ যেতে পারবেন না। কোনও পার্টি ক্লাবের বাইরে সরোবরের অন্যত্র আয়োজন করা যাবে না। ক্লাবের সীমানার বাইরে সরোবরের কোর এরিয়ায়, কিংবা বাইরের চত্বরে কেউ ঘোরাফেরা করতে পারবেন না।
৫. ক্লাব সংলগ্ন জলাশয় কেউ নামতে পারবেন না।