Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গারামপুর শহরে দীর্ঘদিন বেহাল রবীন্দ্র ভবন, হতাশ

গঙ্গারামপুর শহরে বেহাল রবীন্দ্রভবন অডিটোরিয়াম সংস্কারের দাবি তুলেছেন সংস্কৃতিপ্রেমী মানুষ। শহরবাসীর অভিযোগ, বর্ষায় অডিটোরিয়ামের ছাদ থেকে জল পড়ে। মঞ্চ ভেঙে রয়েছে।

গঙ্গারামপুর শহরে দীর্ঘদিন বেহাল রবীন্দ্র ভবন, হতাশ
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর শহরে বেহাল রবীন্দ্রভবন অডিটোরিয়াম সংস্কারের দাবি তুলেছেন সংস্কৃতিপ্রেমী মানুষ। শহরবাসীর অভিযোগ, বর্ষায় অডিটোরিয়ামের ছাদ থেকে জল পড়ে। মঞ্চ ভেঙে রয়েছে। এসি অকেজো। সাউন্ড সিস্টেম নেই। এই অডিটোরিয়ামে আর অনুষ্ঠান করতে পারছেন না শিল্পীরা। কোনও অনুষ্ঠান আয়োজন করতে এই বেহাল ভবন আর কেউ ভাড়া নিচ্ছেন না।
২০০৮ সালে গঙ্গারামপুরে ৫০০আসন বিশিষ্ট রবীন্দ্রভবন অডিটোরিয়াম তৈরি হয়। দশ বছরের বেশি সময় ধরে অডিটোরিয়ামের সংস্কার না হওয়ায় সেটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে রাজনৈতিক কর্মসূচি, এমনকী সরকারি অনুষ্ঠানও হতো এই অডিটোরিয়ামে। অডিটোরিয়াম সংস্কার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী।
তবে অডিটোরিয়ামের পরিকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি গঙ্গারামপুর পুরসভার প্রশাসক প্রশান্ত মিত্রের। তাঁর কথায়, রবীন্দ্রভবন সংস্কারের প্রয়োজন রয়েছে। বিভিন্ন মহলও আমাদের এই বিষয়টি জানিয়েছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট পাঠিয়েছি। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হয়ে যাবে। গঙ্গারামপুরের নৃত্যশিল্পী সুশ্বেতা দাস বলেন,দীর্ঘদিন থেকে গঙ্গারামপুর রবীন্দ্র ভবন বেহাল। কতদিনে সংস্কার হবে জানি না। অডিটোরিয়ামের অভাবে আমরা সংস্কৃতি চর্চা করতে পারি না। রিহার্সাল করতে পারি না। শহরবাসীও চাইছেন, রবীন্দ্রভবনের হাল ফিরুক। কারণ, মঞ্চ ভাঙা এই অডিটোরিয়ামে সংস্কৃতি চর্চার পরিবেশ নেই। সুশ্বেতা বলেন, আমরা আগে রবীন্দ্রভবনে অনেক অনুষ্ঠান করেছি। এখন আর করা যাচ্ছে না। এই বেহাল ভবন সংস্কারে পুরসভা দ্রুত উদ্যোগ নিক। 

Advertisement

(বেহাল রবীন্দ্রভবন। -নিজস্ব চিত্র)

Advertisement
সম্পর্কিত সংবাদ