Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রং বিভাজন করে টোটো নিয়ন্ত্রণে ফের উদ্যোগ সিউড়ি পুর প্রশাসনের  

রং বিভাজন করে টোটো নিয়ন্ত্রণে ফের উদ্যোগ সিউড়ি পুর প্রশাসনের  
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: ১০ ডিসেম্বরে মধ্যে শহরের সব টোটোর রেজিস্ট্রেশন করাবে প্রশাসন। প্রতি রেজিস্টার্ড টোটোতে বসানো হবে কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করলেই টোটো চালকের যাবতীয় নথি যাত্রীর মোবাইলে আসবে। নিরাপত্তার স্বার্থে এখানেই পাওয়া যাবে ইমারজেন্সি ফোন নম্বরও। সিউড়ি মহকুমা প্রশাসন ও পুরসভার উদ্যোগে এমনই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সিউড়ি মহকুমা শাসক অফিসে পুরসভা, পুলিস ও প্রশাসনের কর্তাব্যক্তিরা বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত হয়েছে শহরের টোটো স্ট্যান্ডগুলিকে ঢেলে সাজানো হবে। নথিভুক্ত টোটোগুলিকে দু’টি রঙে বিভক্ত করে একেক দিনে একেক রংয়ের টোটোকে রাস্তায় নামানো হবে, এতে শহরে যানজট কমবে। 
Advertisement
সিউড়ির মহকুমা শাসক সুপ্রতীক সিনহা বলেন, যানজটে নাকাল হচ্ছেন শহরবাসী। রাস্তায় থাকা সব টোটোকে নথিভুক্ত করা হবে। তারপর অল্টারনেটিভ দিনে রাস্তায় নামবে টোটোগুলি। 
সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। টোটোতে থাকা কিউআর কোড স্ক্যান করলে যাত্রীরা যাবতীয় প্রয়োজনীয় নথি পেয়ে যাবেন। 
সিউড়ি স্টেশন থেকে হাটজন বাজার মোড় পর্যন্ত সারি দিয়ে দাঁড়িয়ে টোটো। কোনও যাত্রীবাহী ট্রেন স্টেশনে ঢুকলেই তৎপরতা শুরু টোটো চালকদের। টোটোয় চাপার করুণ আর্জি। ট্রেন থেকে নামা যাত্রীর থেকে টোটোর সংখ্যা অনেক বেশি। কারও ভাগ্যে একজনও যাত্রী জুটছে না।
সিউড়ি পুরন্দরপুর রাস্তার ওপর স্টেশন মোড়ে দাঁড়িয়ে কথা হচ্ছিল রমজানের সঙ্গে। রমজান বলেন, একটা সময়ে ৩০০, ৪০০ টাকা দিনে রোজগার করেছি। এখন ১০০ টাকা রোজগার করতে পারছি না। মানুষের থেকে টোটোর সংখ্যা বেড়ে গিয়েছে। আমরাও চাই প্রশাসন পদক্ষেপ নিক। একই দিনে সব টোটো নামলে কারওরই ব্যবসা হচ্ছে না।
প্রথমদিকে টোটো নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রশাসনের হাত পুড়েছে। আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন টোটো চালকরা। এখন সেই টোটো চালকরাই চাইছেন প্রশাসন নিয়ন্ত্রণ করুক, না হলে সবার পেটে লাথি পড়ছে। যাত্রীরাও চান টোটো থাকুক, কিন্তু নির্দিষ্ট সংখ্যায়। 
প্রশাসনের দাবি রেজিস্টার্ড টোটো রয়েছে ২ হাজার ৬৮১টি। পুলিসের কাছে তথ্য রয়েছে প্রায় সাড়ে ৫ হাজার টোটো শহরে চলাচল করছে। সেগুলি বাতিল না করে সমস্ত টোটর রেজিস্ট্রেশন করা হবে। অর্ধেক টোটোকে সাদা রঙে, অর্ধেককে নীল রঙে রাঙানো হবে। বসানো হবে কিউআর কোড। যাত্রী সুবিধার্থে টোটো স্ট্যান্ডগুলি স্থায়ী করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। শহরে ৩৪টি স্ট্যান্ডকে চিহ্নিত করেছে পুলিস। সেই স্ট্যান্ডগুলির জমির নথি খতিয়ে দেখবে ভূমিদপ্তর। প্রশাসনিক জায়গায় স্ট্যান্ড হয়ে থাকলে তারপরই পরিকাঠামো গড়বে পুরসভা। এখানে স্পষ্ট ভাবে ভাড়া সহ নানা তথ্য উল্লেখ থাকবে। এদিনই পুলিস, প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে বিভিন্ন টোটো স্ট্যান্ড পরিদর্শন করা হয়। প্রশাসনের ভাবনা রয়েছে, রাস্তার উপর থাকা অবৈধ দোকানদারদের উচ্ছেদ করা হবে। টোটো স্ট্যান্ডগুলিতে তাদের পুনর্বাসন দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ