Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

শুধু বিজেপি শাসিত রাজ্যের ১৬ এনজিওকে অর্থবরাদ্দ, মনীষী-স্মরণ কর্মসূচিতে দুর্নীতি? সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের রিপোর্ট ঘিরে প্রশ্ন

বাবু জগজীবন রাম ন্যাশনাল ফাউন্ডেশনের আওতায় মনীষীদের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী পালন কর্মসূচিতেও কি এবার দুর্নীতির আঁচ মিলতে চলেছে?

শুধু বিজেপি শাসিত রাজ্যের ১৬ এনজিওকে অর্থবরাদ্দ, মনীষী-স্মরণ কর্মসূচিতে দুর্নীতি? সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের রিপোর্ট ঘিরে প্রশ্ন
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাবু জগজীবন রাম ন্যাশনাল ফাউন্ডেশনের আওতায় মনীষীদের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী পালন কর্মসূচিতেও কি এবার দুর্নীতির আঁচ মিলতে চলেছে? সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের একটি রিপোর্টকে কেন্দ্র করে আপাতত এই প্রশ্নেই তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে। মধ্যপ্রদেশ, অসম, বিহার এবং উত্তরপ্রদেশ - উল্লিখিত কর্মসূচির অধীনে শুধুমাত্র এই চার বিজেপি শাসিত রাজ্যের ১৬টি স্বেচ্ছাসেবী সংস্থাই (এনজিও) পেয়েছে আর্থিক সহযোগিতা। এর মধ্যে যোগী-রাজ্য উত্তরপ্রদেশেই কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়েছে ১০টি এনজিও। 

Advertisement

বিভিন্ন মনীষীর জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী উদযাপনের জন্য দীর্ঘদিন ধরেই বাবু জগজীবন রাম স্কিম ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কার্যকর রয়েছে। সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের অধীন ফাউন্ডেশনই এই পুরো কর্মকাণ্ডের দায়িত্বে থাকে। গুরু রবিদাস, সন্ত কবীর, ভগবান বুদ্ধ, মহর্ষি বাল্মিকী, সাবিত্রীভাই ফুলের মতো একাধিক নাম উল্লিখিত কর্মসূচির আওতায় রয়েছে। আবেদনের ভিত্তিতে বিভিন্ন রাজ্য এবং তার স্বেচ্ছসেবী সংস্থাগুলিকে এই খাতে আর্থিক সহযোগিতা করা হয়। প্রতি স্বেচ্ছাসেবী সংস্থা পিছু এই খাতে সর্বাধিক দু’লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রেক্ষাগৃহ ভাড়া, মাইক্রোফোন ইত্যাদির জন্য সর্বোচ্চ ৬০ হাজার টাকা, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ২৫ হাজার টাকা, অংশগ্রহণকারীদের সাম্মানিক প্রদানের জন্য ২০ হাজার টাকা, কুইজ/ডিবেট-সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানে সর্বোচ্চ ২৫ হাজার টাকার সংস্থান রয়েছে। পাশাপাশি জলযোগ বা রিফ্রেশমেন্ট, জনসংযোগ, যাতায়াত প্রভৃতি বিভিন্ন খাতেও নির্দিষ্ট কিছু অর্থ দেওয়া হয়। 
মন্ত্রকের সংশ্লিষ্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে, মধ্যপ্রদেশের তিনটি এনজিওর জন্য দু’লক্ষ টাকা, বিহারের দু’টি এনজিওর জন্য দু’লক্ষ টাকা এবং অসমের একটি এনজিওর জন্য দু’লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশের ১০টি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য বরাদ্দের পরিমাণ মোট ২০ লক্ষ টাকা। সরকারি সূত্রে অবশ্য ব্যাখ্যা, এর মধ্যে বিজেপি শাসিত অথবা 
অবিজেপি রাজ্যের বিষয় নেই। আবেদনের ভিত্তিতেই আর্থিক সহযোগিতা করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ