প্যারিস, ১১ ফেব্রুয়ারি: এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তা এখন বিশ্বের চর্চার বিষয়। এর ভালো বা খারাপ দিকগুলি নিয়েও বিস্তর কাটাছেঁড়া চলছে। এর মাঝেই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম বৃহৎ এআই অ্যাকশন সামিট। সেই সামিটে যোগ দিতেই প্যারিসে উড়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার সেই সামিটে যোগ দিয়ে মোদি বলেন, ‘এই শতাব্দীতে মানবতার কোড হচ্ছে এআই। কিন্তু মানবতার ইতিহাসে প্রযুক্তিগত যা যা মাইলস্টোন তৈরি হয়েছে এটি তার থেকে আলাদা। অবিশ্বাস্য গতিতে এআইয়ের উন্নতি হচ্ছে। আগের চেয়ে এই প্রযুক্তিকে অনেক দ্রুতগতিতে গ্রহণ করা হচ্ছে এবং কাজেও লাগানো হচ্ছে। এআই মানবজীবনের হাল বদলে দিতে পারে। মনে করা হচ্ছে, স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে শিক্ষা, কৃষিকাজ, সবক্ষেত্রই উপকৃত হবে এই প্রযুক্তির ফলে। আমাদের সকলের উচিত এই ব্যবস্থাকে আরও উন্নত করা। ইতিবাচক ক্ষেত্রেই এআইয়ের প্রয়োগ আমাদের বাড়াতে হবে। একই সঙ্গে, আমাদের অবশ্যই সাইবার নিরাপত্তা, ভুয়ো তথ্য এবং ডিপফেক সম্পর্কিত সমস্যারও সমাধান করতে হবে।’ তবে এআই নিয়ে একটি ভীতিও এসেছে সকলের মনে। অনেকের দাবি এই প্রযুক্তি অনেকের কাজ কেড়ে নেবে। যদিও তেমনটা মনেই হচ্ছে না মোদির। এই বিষয়ে তিনি বলেন, ‘প্রযুক্তির জন্য কাজের সুযোগ হারিয়ে যায় না। বরং নতুন ধরনের কাজের সুযোগ তৈরি হয়।’



