পুনে: প্যারোলে মুক্তির পরেই গা ঢাকা দিয়েছিল গোধরায় ট্রেনে আগুন লাগানো মামলায় যাবজ্জীবন দোষী সাব্যস্ত সালিম জারদা। ২২ জানুয়ারি মহারাষ্ট্রের পুনে জেলা থেকে তাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিস। ২০০২ সালে গোধরা কাণ্ডের পরই সালিমকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন সময়ে প্যারোল পায় সে। পুলিস সূত্রে জানানো হয়েছে, এর আগে অন্তত আটবার প্যারোলে ছাড়া পেয়েছিল সে। সেপ্টেম্বরে ছাড়া পাওয়ার পরে সালিম আর ফেরেনি। ২২ জানুয়ারি টায়ার চুরির তদন্তে ধরা পড়ে সে। এরপর তাকে নাসিক পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। গোধরায় ট্রেনে আগুন লাগানোর অভিযোগে ৩১ জন দোষী সাব্যস্ত হয়। এদের মধ্যে ১১ জনকে প্রাণদণ্ড দেওয়া হয়। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। জানা গিয়েছে, পুনেতে ৪০টি টায়ার চুরির অভিযোগে সালিম এবং তার গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়। টায়ারের বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৪৯ হাজার টাকা।



