Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানালেন পুতিন, আসছেন ভারতে

পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানালেন পুতিন, আসছেন ভারতে
  • ৫ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ৫ মে: পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সঙ্গে এই হামলাতে যুক্ত থাকা জঙ্গিদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবিও জানালেন তিনি। আজ, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আচমকাই ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তাঁদের মধ্যে নানা বিষয়ে কথোপকোথন হয়। সেখানেই পহেলগাঁও ইস্যু নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন পুতিন। একই সঙ্গে তিনি জানান, সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে রয়েছে মস্কো। এদিন পুতিনের সঙ্গে মোদির কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা সবিস্তারে এক্সে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এদিন ফোনে দুই রাষ্ট্রনেতা আরও একাধিক বিষয়ে সহমত পোষণ করেছেন। মোদি ও পুতিন জানিয়েছেন, বহিরাগতদের প্রভাবে ভারত-রাশিয়ার সম্পর্ক নষ্ট হবে না। ভারতে আসার জন্য এদিন পুতিনকে আমন্ত্রণ জানান মোদি।

Advertisement

বিদেশমন্ত্রক সূত্রে খবর, রাশিয়ার প্রেসিডেন্ট সেই প্রস্তাবে রাজি হয়েছেন ও চলতি বছরেই ভারতে আসতে পারেন। আগামী ৯ মে রাশিয়ার মস্কোতে ৮০তম বিজয় দিবসে যোগ দিতে যাওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু পহেলগাঁও ইস্যুতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। দুই দেশেই যুদ্ধপরিস্থিতি। তাই এই সময়ে মস্কো সফর বাতিল করেছেন মোদি। সেই কথা এদিন ফোনে পুতিনকে বলে, বিজয় দিবসের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মস্কোতে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের তরফে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় শেঠ।  

 

Advertisement
সম্পর্কিত সংবাদ