দাম্মাম: মর্মান্তিক ঘটনা। সৌদি আরবের পূর্বাঞ্চলে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলার ঘটনা ঘটে। এই হামলায় মৃত্যু হয় এক সৌদি নাগরিকের। পাশাপাশি আহত হয়েছেন আরও আটজন। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনার কথা জানিয়েছে সৌদি আরবের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই হামলায় বিমানবন্দরের পরিকাঠামোরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
এই হামলার পর বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নজরদারি চালানো সংস্থা জানিয়েছে, নিরাপত্তার কারণে একাধিক বিমানকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সৌদি প্রশাসন। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি দেশের পূর্বাঞ্চলে চারটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলার বিষয়ে এখনও কোনোরকম মন্তব্য করেনি। আর এরই মধ্যে সৌদি আরবে ধারাবাহিক হামলার জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। গতকাল রাতে সৌদি আরব থেকে কিছু মার্কিন কূটনীতিক এবং মার্কিন সরকারি কর্মীদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকা। এর আগে সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে আরামকো পরিচালিত একটি তেলক্ষেত্রে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু হয় দুই বিদেশি নাগরিকের। নিহতদের মধ্যে এক জন নেপালের এবং অন্য জন ফিলিপিন্সের বাসিন্দা। আহত হন পাকিস্তান ও ভারতের এক জন করে নাগরিক। একের পর এক হামলার ঘটনায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও তেল পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।



