শান্তি আলোচনার উদ্যোগের মধ্যেই কিয়েভে রুশ হামলা, মৃত ১, জখম ২২
  • ২২ অক্টোবর, ২০২৬ ১৩:৩৬
Prefer us on Google

কিয়েভ, ২২ অক্টোবর: ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। গতকাল রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা এই হামলায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ২২ জন। ইউক্রেনের প্রশাসন মারফত এই তথ্য জানানো হয়েছে।

Advertisement

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের দাবি, রুশ হামলায় কিয়েভের একাধিক এলাকায় আবাসিক বাড়ি, পরিবহণ পরিকাঠামো এবং অন্যান্য অসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে ডিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থিত ডনিপ্রোভস্কি জেলায় হামলার জেরে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মৃত্যু হয় এক জনের। পাশাপাশি আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে এক জন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাশিয়ার এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে আলোচনার উদ্যোগ শুরু হয়েছে। গতকাল বুধবার ক্রেমলিনের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা জনান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া, আমেরিকা ও ইউক্রেনের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা ফের শুরু করার প্রস্তাবে নীতিগত ভাবে সম্মতি দিয়েছেন। আগামী ১০ নভেম্বরের পর আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহ পরে এই আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এর আগে সেন্ট পিটার্সবার্গে মার্কিন দূতের সঙ্গে বৈঠক করেন পুতিন। নতুন করে আলোচনার উদ্যোগকে সমর্থন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তবে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে সতর্ক মনোভাব বজায় রেখেছেন তিনি। কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি হওয়ার কিছুক্ষণ আগে জেলেনস্কি বলেন এ বার কী হয় তা দেখা যাক। একদিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে ইউক্রেনের রাজধানীতে প্রাণঘাতী হামলা, এই দুই বিপরীত পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভবিষ্যৎ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।