বিল্ডিং প্ল্যানহীন বাড়ি পুষ্পার, ভাঙা শুরু করল জেলা প্রশাসন
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফলতার স্বঘোষিত ‘পুষ্পা’র বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন। জাহাঙ্গির খান কোনো বিল্ডিং প্ল্যান ছাড়াই এই বাড়ি বানিয়েছিলেন বলে অভিযোগ। এর আগে নিয়ম মেনে প্রশাসন এ নিয়ে শুনানির ব্যবস্থা করেছিল। সেখানে সব কাগজপত্র খতিয়ে দেখা হয়। দেখা যায়, পুরো বাড়িটিই বেআইনি। কোনো অনুমতি ছাড়াই এটি তৈরি করা হয়েছিল। সব কিছু বিচার বিবেচনা করে হিয়ারিং অফিসার সিদ্ধান্ত নেন, জাহাঙ্গিরের প্রাসাদোপম বাড়ি ভেঙে ফেলা হবে। সেইমত জেলাশাসকের নির্দেশে বুধবার ওই ‘প্রাসাদ’ গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।

Advertisement

এদিন সকাল থেকেই এই তৃণমূল নেতার গ্রামের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বাড়ির মূল ফটকে থাকা কলাপসিবল গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন কর্মীরা। প্রথমে সব আসবাব ও অন্যান্য সামগ্রী বের করে আনা হয়। তার মধ্যে ছিল ফ্রিজ, সোফা, চেয়ার ইত্যাদি। দুপুরের পর ছাদ ভাঙার কাজ শুরু করেন কর্মীরা। পুরো বিল্ডিং ভাঙতে কয়েকদিন সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, জাহাঙ্গিরের এই তিনতলা বাড়িটির উচ্চতা সাড়ে ছয় মিটার। নিয়ম অনুযায়ী, তিনতলা বাড়ি নির্মাণ করতে হলে জেলা পরিষদের অনুমতি নিতে হয়। তদন্তে দেখা গিয়েছে, এমন কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা বলেন, আইন মেনেই সব কিছু হচ্ছে।