Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বসন্ত উৎসব’ ও ‘পলাশ পরব’কে ঘিরে উন্মাদনা পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিতে

‘বসন্ত উৎসব’ ও ‘পলাশ পরব’কে ঘিরে  উন্মাদনা পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিতে
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: দোলে বসন্ত উৎসব ও পলাশ পরব ঘিরে ব্যাপক উন্মাদনা পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় সহ জেলার জঙ্গলমহলের পর্যটন কেন্দ্রগুলিতে। কোথাও একসঙ্গে ৫০০ জন ছৌ শিল্পীর নাচের অনুষ্ঠান। কোথাও আবার ঝুমুর, আদিবাসী নাচ গানের তালেই মেতে উঠবেন পর্যটক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায়। জঙ্গলমহলের আড়শা ব্লক এলাকার আড়শা স্টেডিয়াম বসন্ত উৎসব এবার তিন বছরে পা দেবে। আড়শার বসন্ত উৎসব কমিটির সভাপতি উজ্জ্বল কুমার বলেন, উদ্বোধনের দিনই থাকবে চমক। শনিবার জেলার ঐতিহ্যের ছৌ নাচ দিয়ে উদ্বোধন হবে। তবে সাধারণ কোনও পালার পরিবর্তে ৫০০ জন ছৌ শিল্পী কার্তিকের ভূমিকায় নাচ করবেন। এছাড়াও ভিন জেলা থেকেও ঝুমুর শিল্পীরা অনুষ্ঠান করবেন। শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ চলছে। এলাকার সাধারণ মানুষের পাশাপাশি অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা বহু পর্যটক ওইদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা। 

Advertisement

বাঘমুণ্ডির বাড়েরিয়া গ্রামে একটি হোম স্টে আয়োজিত ‘পলাশ পরব’ উৎসবের এবার নবম বর্ষ। ওই পলাশ পরবের মুখ্য আয়োজক জনার্দন মুরারি মাহাত বলেন, শুক্র শনিবার পলাশ পরব ঘিরে এলাকার বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের উৎসাহ তুঙ্গে রয়েছে। শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ চলছে।  অন্যান্য বছরের মতই এবারও ছৌ নাচ, ঝুমুর গানের পাশাপাশি থাকবে নাটুয়া নাচ। এছাড়া স্থানীয় ও বাইরের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের সংবর্ধনার অনুষ্ঠান হয় এই সময়। এছাড়াও পত্রিকা প্রকাশ করা হয় পলাশ পরবকে ঘিরে। তিনি জানান, পর্যটকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও নিজেদের মতো করেই পলাশ পরবে মেতে ওঠেন। 
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, অযোধ্যা পাহাড়ের আরও একাধিক হোটেল এবং রিসর্টে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন সংস্থার উদ্যোগেও অযোধ্যা পাহাড়ের আনাচে-কানাচে কোথাও বসন্ত উৎসব নামে, কোথাও আবার পলাশ পরব নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পর্যটকদের অনেকেই এই ধরনের উৎসবে মেতে উঠতে দোলে পুরুলিয়া আসছেন। পুরুলিয়া হোটেল মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহিত লাটা বলেন, বিভিন্ন জায়গাতেই বসন্ত উৎসবের অনুষ্ঠান হচ্ছে। আগে দোলের সময় পুরুলিয়াতে পর্যটকদের ভিড় তেমন দেখা যেত না। গত কয়েক বছরে দোলের সময়েও পর্যটকদের ভিড় উপচে পড়ছে হোটেলগুলিতে। রাঙা পলাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেওয়ার জন্য আগাম বুকিং করে রেখেছেন অনেক পর্যটক।

Advertisement
সম্পর্কিত সংবাদ