Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া: দু’বছর থমকে বান্দোয়ানের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নির্মাণ, সরব সাংসদ

পুরুলিয়া: দু’বছর থমকে বান্দোয়ানের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নির্মাণ, সরব সাংসদ
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: দু’বছরেরও বেশি সময় ধরে কার্যত থমকে রয়েছে বান্দোয়ানের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নির্মাণ কাজ। এখনও পর্যন্ত সীমানা প্রাচীর তৈরির কাজও শেষ হয়নি। বিষয়টি নিয়ে লোকসভাতে সরব হয়েছেন ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের সাংসদ কালীপদ সরেন। এবিষয়ে আরও বড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের এমপি। 

Advertisement

প্রসঙ্গত, প্রায় দু’বছর আগে বান্দোয়ানের পুনশ্যা এলাকায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের কাজের শুরু করে কেন্দ্রীয় সরকার। ওই স্কুল বান্দোয়ানে তৈরি হলে স্থানীয় প্রত্যন্ত এলাকার আদিবাসী পড়ুয়াদের ব্যাপক সুবিধা হবে। সেই সঙ্গে হস্টেলও তৈরি হওয়ার কথা রয়েছে। ওই স্কুলকে ঘিরে এলাকার বাসিন্দারা বিশেষভাবে উৎসাহী ছিলেন। স্কুলের সীমানা প্রাচীর তৈরির কাজ প্রথমদিকে ভালোমতোই চলছিল। তারপর পুরো কাজ থমকে যায়। স্কুল ভবনের সামান্যতম নির্মাণ কাজ শুরু হয়নি। কবে ওই কাজ সম্পন্ন হবে, তা কেউই বলতে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে বিষয়টি জানার পরে এ বিষয়ে লোকসভাতে সরবহন ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস এমপি। 
কালীপদবাবু এ বিষয়ে ফোনে বলেন, ওই এলাকায় স্কুলটি তৈরি হলে সাধারণ আদিবাসী পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে। কিন্তু অজানা কোনও কারণে স্কুলে নির্মাণ কাজ এখনও পর্যন্ত শুরুই হল না। এমনকী সীমানা প্রাচীর তৈরির কাজও বাকি রয়ে গিয়েছে। স্কুলের ভবন তৈরির কাজ কী কারণে শুরু করা সম্ভব হচ্ছে না তা কেউই বলতে পারছেন না। এ বিষয়ে আগেই কেন্দ্রীয় সরকারের আদিবাসী বিষয়ক দপ্তরের মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। তাতেও তেমন কিছু কাজ হয়নি। 
তাই এ বিষয়ে লোকসভাতে সরব হয়েছি। দ্রুত এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছি। আশা করি, এতে খানিকটা টনক নড়বে। এতেও কাজ না হলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে কথা বলতে হবে। দ্রুত যাতে ওই কাজ সম্পন্ন হয় এবং পঠন পাঠন শুরু করা যায়, সে বিষয়ে সচেষ্ট রয়েছি। 
অন্যদিকে অযোধ্যা পাহাড়ের ওপরে সাঁওতালি মাধ্যমের নতুন স্কুল তৈরির বিষয়ে বিধানসভায় সরব হয়েছেন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত। তিনি বলেন, অযোধ্যা পাহাড়ের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি রয়েছে পাহাড়ের উপরে সাঁওতালি মাধ্যম স্কুল তৈরির।এলাকার বাসিন্দাদের ওই দাবির বিষয়টি বিধানসভায় বলেছি।শিক্ষামন্ত্রীরসঙ্গে দেখা করেও এলাকাবাসীর দাবির কথা জানিয়েছি।বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ