সংবাদদাতা, রঘুনাথপুর: একদিনে পুরুলিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৭টি পাহাড়ের চূড়ায় চড়ে রেকর্ড করলেন ৫ যুবক। ওই ২৭টি পাহাড়ে চড়তে তাঁদের ১৫ ঘণ্টা ৪৪ মিনিট সময় লেগেছে। গোটাটাই জিপিএসের সাহায্যে ভিডিওগ্রাফি করে প্রমাণ রেখেছে। পাঁচ যুবকের কৃতিত্ব ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ দত্ত, শুভ দাস, গৌরাঙ্গ সাঁতরা, সুপ্রভাত সামন্ত এবং মিনাজ— পাঁচ যুবক রক ক্লাইম্বিং প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁদের বাড়ি বাঁকুড়া, দুর্গাপুর, বরাকর এবং পুরুলিয়ায়। প্রশিক্ষণপ্রাপ্ত ওই পাঁচ যুবক নিজেদের দক্ষতা প্রমাণের লক্ষ্যে অভিনব অভিযানে নামে। সিদ্ধান্ত নেয়, পুরুলিয়ার ২৭টি পাহাড়ে চূড়ায় উঠে নজির সৃষ্টি করবে। আর সেই কাজ এক দিনেই সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন ভাবনা তেমনি কাজ। তাঁরা প্রথমে রঘুনাথপুরের বেড়ো পাহাড় আরোহন শুরু করেন। পাহাড়ে চড়া যেখানে সাধারণ মানুষের কাছে ক্লান্তি আর শারীরিক পরিশ্রমের বিষয়, সেখানে যুবকরা মানসিক শক্তির এক অনন্য নজির সৃষ্টি করেছেন।
জানা গিয়েছে, যুবকেরা বেড়ো, ধনুকতোড় (পাবড়া), তিলাবনি, সিন্দুরপুর এবং জয়চণ্ডীর মতো বিখ্যাত সব পাহাড়ের শিখরে ওঠেন। তাঁরা সকাল প্রায় সাড়ে পাঁচটায় সফর শুরু করেন এবং রাত্রি ৯টায় অভিযান শেষ করেন। জেলা তথা রাজ্যে এমন রেকর্ড নেই বললেই চলে। যুবকেরা প্রতিটি চূড়ায় চড়ার পর জিপিএসে লোকেশন অনুসারে ভিডিও করার পাশাপাশি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করেছেন।
এক যুবক বলেন, আমরা সকলে পাহাড়ে চড়ার প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া বিভিন্ন রাজ্যের পাহাড় চড়া প্রশিক্ষণপ্রাপ্ত ক্লাবের সদস্য। মিনাজের মাথায় বিষয়টি আসে। অযোধ্যা পাহাড়ে সফর করলে এতগুলো পাহাড়ে চড়া সম্ভব ছিল না। তাই অযোধ্যা পাহাড়কে দূরে রাখি। জেলার বিভিন্ন ছোট বড় পাহাড়গুলি বেছে নিই। পাহাড়কে নিজের কাছের মানুষের মতো মনে করেছি। আর তাই চড়তে সফল হয়েছি। নেটিজেনেরা তাঁদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। একদিনে এতগুলি পাহাড় জয়ের রোমাঞ্চকর কাহিনি পুরুলিয়ার পর্যটন ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের মুখে মুখে ফিরছে।
তবে এলাকাবাসীর আক্ষেপ, ধীরে ধীরে কিছু অসাধু ব্যবসায়ীর জন্য পাহাড়গুলি নষ্ট হয়ে যাচ্ছে। বেড়ো, তিলাবনির মতো পাহাড় কেটে ফেলা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এলাকায় পাহাড়ের কোনো চিহ্নই দেখতে পাবে না। তাই পাহাড়গুলির সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।