Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

আগামীকাল বন্ধ থাকবে পুরির জগন্নাথ মন্দির, রয়েছে বিশেষ কারণ

আগামীকাল অর্থাৎ বুধবার ১২ আগস্ট ৫ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে পুরির জগন্নাথ মন্দির। কোনো ভক্তকেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবেনা এই দিন।

আগামীকাল বন্ধ থাকবে পুরির জগন্নাথ মন্দির, রয়েছে বিশেষ কারণ
  • ১১ আগস্ট, ২০২৬ ১৫:৫৮
Prefer us on Google

ভুবনেশ্বর, ১১ আগস্ট: আগামীকাল অর্থাৎ বুধবার ১২ আগস্ট ৫ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে পুরির জগন্নাথ মন্দির। কোনো ভক্তকেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবেনা এই দিন। জগন্নাথ মন্দির প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার শ্রাবণ কৃষ্ণ অমাবস্যা তিথিতে দেবতাদের বিশেষ ‘চিতালগী অমবস্যা’ পালিত হবে। যে কারণে মন্দির বন্ধ থাকবে বলে জানিয়েছেন তাঁরা। 

Advertisement

মন্দির প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ভোগমণ্ডপে ভোগ নিবেদন সম্পন্ন হওয়ার পর দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হবে। বিশেষ এই আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পর ফের ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হবে। ‘চিতালগী অমবস্যা’  উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বিশেষভাবে সাজানো হয়। এই দিন তিন বিগ্রহের কপালে  সোনার অলঙ্কার পরানো হয়।  স্নানযাত্রা ও পরবর্তী রথযাত্রার আগে এই অলঙ্কারগুলি বিগ্রহ থেকে খুলে রাখা  হয়েছিল। চিতালগী নীতির মাধ্যমে বিশেষ আচার মেনে ফের তাঁদের কপালে এই অলঙ্কার পরানো হয়। 

‘চিতালগী অমবস্যা’ শুধু মন্দিরকেন্দ্রিক ধর্মীয় উৎসব নয়, ওড়িশার গ্রামীণ জীবন ও কৃষিকার্যের সঙ্গেও এর গভীর যোগ রয়েছে। শ্রাবণ মাসের অমাবস্যায় রাজ্যজুড়ে এই দিনটি কৃষিভিত্তিক উৎসব হিসেবেও পালিত হয়। এদিন বাড়িতে বিশেষ ধরনের চালের পিঠে তৈরি করার রীতি রয়েছে। কৃষিজীবী মানুষ পরে সেই পিঠের কিছু অংশ ধানখেতে নিয়ে যান।  পোকামাকড় এবং ধানখেতে বসবাসকারী বিভিন্ন জলজ প্রাণীর মধ্যে তা বিতরণ করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ