সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরে আম্রুত ২ প্রকল্পের কাজে মেইন পাইপলাইন বসানোর কাজ শেষ। আগামী বছরের মার্চে আম্রুত ২ প্রকল্পের মাধ্যমে শহরের বাড়ি বাড়ি পরিস্রুত জল পৌঁছে দেওয়ার টার্গেট নিয়েছে ময়নাগুড়ি পুরসভা। মঙ্গলবার একথা জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
পুরসভা জানিয়েছে, শহরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের সংযোগ রয়েছে প্রায় ২০০০। এবার আম্রুত ২ প্রকল্পে জল পৌঁছে দেওয়া হবে ৪১৪৪টি বাড়িতে। সম্পূর্ণ প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৩১ কোটি ২২ লক্ষ টাকা। পেটকাটি এলাকায় একটি নতুন রিজার্ভার তৈরি হচ্ছে। ওই কাজের ৭০ শতাংশ শেষ হয়েছে। এছাড়াও চারটি পাম্প হাউস তৈরি হয়েছে। বাকি আরও চারটি পাম্প হাউস বসবে। জলের মেইন পাইপ লাইন থেকেই বাড়ি বাড়ি সংযোগ দেওয়া হবে।
এই প্রকল্পের দায়িত্বে থাকা ময়নাগুড়ি পুরসভার ইঞ্জিনিয়ার সন্দীপ নন্দী বলেন, মোট তিনটি রিজার্ভার থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। দু’টি রিজার্ভার পুরসভা অফিসের সামনে রয়েছে। একটি পেটকাটি এলাকায় হচ্ছে। এই প্রকল্পের কাজ চলছে । ২০২৭ সালের মার্চ মাসে কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।
ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান মনোজ রায় বলেন, নতুন করে ৪১৪৪টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হবে। এছাড়াও পুরসভা থেকে একটি সার্ভে করা হয়েছে। যেখানে আরও ৩২০০ বাড়ির একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা সুডাতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ময়নাগুড়ি পুরসভায় ১৭টি ওয়ার্ড রয়েছে। তারমধ্যে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রিম্পা রায়, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বর্ণালী বারুই বলেন, আমাদের ওয়ার্ডেও জলের সমস্যা রয়েছে। বহু ওয়ার্ডে জলের সমস্যা রয়েছে। তবে আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।



