Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বেআইনি পার্কিং রুখতে কঠোর পূর্ব মেদিনীপুর পুলিশ, জরিমানা বহু

মেদিনীপুর শহরে বেআইনি পার্কিং রুখতে পুলিশের কড়া অভিযান চলছে। শতাধিক গাড়িচালককে জরিমানা করা হয়েছে। বিস্তারিত পড়ুন।

বেআইনি পার্কিং রুখতে কঠোর পূর্ব মেদিনীপুর পুলিশ, জরিমানা বহু
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ঘড়ির কাঁটা সন্ধ্যা ছ’টা ছুঁলেই বদলে যায় মেদিনীপুর শহরের ছন্দ। অফিস ছুটির ভিড়, বাজারমুখী মানুষের ঢল, বাস-অটো-টোটোর অবিরাম যাতায়াতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি যানজটে জেরবার হয়ে ওঠে। যানজটের এই যন্ত্রণার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে রাস্তার একাংশ দখল করে ব্যবসা ও অবৈধ পার্কিং। তাই উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত থাকলেও, এবার রাস্তার ব্ল্যাক টপ বা পিচের অংশ দখলমুক্ত রাখতে কড়া অবস্থান নিল পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে শতাধিক গাড়িচালক ও নিয়মভঙ্গকারীকে জরিমানা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজো পর্যন্ত এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।মেদিনীপুর শহরে যানজট এখন নিত্যদিনের সমস্যা। সকাল থেকে রাত পর্যন্ত অফিসযাত্রী, পড়ুয়া, ব্যবসায়ী এমনকি রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুল্যান্সও কেরানিতলা, বটতলা, রিংরোড সহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে দীর্ঘক্ষণ আটকে পড়ছে। শহরের মধ্যেই বাসস্ট্যান্ড থাকায় বাসের প্রবেশ ও প্রস্থানের চাপও সরাসরি শহরের রাস্তায় পড়ছে। তার সঙ্গে রাস্তার উপর দোকানের মালপত্র রাখা এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Advertisement

বিধানসভা নির্বাচনের পর শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছিল নতুন সরকার। সেই আবহেই প্রশাসন ও পুলিশের তরফে শহরের ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার তারই অংশ হিসেবে রাস্তার পিচের অংশ সম্পূর্ণ ফাঁকা রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।এক পুলিশ আধিকারিক বলেন, রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ আগের তুলনায় কিছুটা কমেছে। কিন্তু মাতব্বরি এখনও রয়েছে। রাস্তার কালো পিচের উপর ব্যবসা কিংবা পার্কিং কোনোভাবেই চলবে না। কোনো দাদাগিরি বরদাস্ত করা হবে না। এমনকি কর্তব্যরত অবস্থায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা পুলিশের বাইককেও জরিমানা করা হয়েছে। আইন সবার জন্যই সমান। জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, রাস্তার ব্ল্যাক টপ সবসময় ফাঁকা রাখতে হবে। প্রত্যেককে ট্রাফিক আইন মেনে চলতে হবে। কোনো অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ