Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মদ বিক্রিতে ফের রাজ্য ‘চ্যাম্পিয়ন’ পূর্ব মেদিনীপুর, এক বছরে আয় ১৭৪০ কোটি টাকা

মদ বিক্রিতে ফের রাজ্য ‘চ্যাম্পিয়ন’ পূর্ব মেদিনীপুর, এক বছরে আয় ১৭৪০ কোটি টাকা
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: টানা পাঁচবার মদ বিক্রিতে রাজ্যের মধ্যে প্রথম হল পূর্ব মেদিনীপুর জেলা। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে এবছর ৩১ মার্চ পর্যন্ত এই জেলায় মোট ১৭৪০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। গত বছর এই জেলায় মদ বিক্রির পরিমাণ ছিল ১৫৭৬ কোটি টাকা। এবছর সেটা অনেকটাই বেড়েছে। তবে, রাজ্য সরকার এবছর মদ বিক্রির টার্গেট দিয়েছিল ১৯৫০ কোটি টাকা। বিক্রিতে রাজ্যসেরা হলেও অবশ্য রাজ্যের বেঁধে দেওয়া টার্গেট পূরণ করতে পারেনি আবগারি বিভাগ। তাই বৃহস্পতিবার নতুন আর্থিক বছরের প্রথম কর্মদিবসে টার্গেট পূরণ না হওয়ায় আফশোস আবগারি দপ্তরের অফিসারদের কথায় ঘুরে ফিরে আসছিল। 

Advertisement

গত কয়েক বছর ধরে দীঘা এবং সংলগ্ন এলাকা থেকে মদ বিক্রি করে আবগারি দপ্তরের ব্যাপক লক্ষ্মীলাভ হচ্ছে। দুর্গাপুজো থেকে বর্ষবিদায় ও বর্ষবরণ, দোল কিংবা যেকোনও উৎসব পার্বনে দীঘায় ভিড় বাড়ছে। সেইসঙ্গে মদ বিক্রি করে প্রশাসনের বিপুল লক্ষ্মীলাভ হচ্ছে। ২০২৩-’২৪ সালে পূর্ব মেদিনীপুর জেলায় ১৪৫০ কোটি টাকার মদ বিক্রির টার্গেট দিয়েছিল রাজ্য। যদিও টার্গেট ছাপিয়ে এই জেলায় ১৫৭৬ কোটি টাকার মদ বিক্রি হয়। অন্যান্য জেলার তুলনায় ওই টার্গেট ছিল অনেক বেশি। সেই কঠিন টার্গেট অনায়াসে পূরণ করায় ২০২৪-’২৫আর্থিক বছরে টার্গেট অনেকটাই বাড়িয়ে ১৯৫০ কোটি টাকা করা হয়। এই টার্গেট পূরণ করার জন্য শুরু থেকেই আবগারি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। প্রত্যেক লাইসেন্সপ্রাপ্ত দোকানে মাসিক কোটা বেঁধে দেওয়া হয়। বেআইনিভাবে মদ বিক্রির বিরুদ্ধেও ধরপাকড় শুরু হয়। গত এক বছরে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই জেলায় ২৩৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বছরে এত বেশি সংখ্যক ধরপাকড় অতীতে কখনও হয়নি। 
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মদের বেআইনি উৎস বন্ধ করতে লাগাতার অভিযান চালানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর, সবং ও পিংলার কিছু জায়গায় চোলাই তৈরি হয়। সেই চোলাই পাঁশকুড়া ও ময়নার বিভিন্ন রুট দিয়ে পূর্ব মেদিনীপুরে ঢোকে। গত এক বছর শুধুমাত্র পাঁশকুড়া থেকেই প্রায় একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’টি চার চাকা গাড়ি সহ প্রচুর বাইক, সাইকেল এবং টোটো বাজেয়াপ্ত করা হয়েছে। এভাবে বেআইনি মদের জোগান বন্ধ করে লাইসেন্সপ্রাপ্ত দোকানে মদ বিক্রি বাড়ানো হয়েছে।
এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে মোট ২৮৯টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান আছে। ওইসব দোকান থেকে গড়ে প্রতিদিন ৪কোটি ৭৬ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। যদিও পুজোর মরশুম, বড়দিন, বর্ষবরণের মতো গুরুত্বপূর্ণ দিনে  বিক্রি হয়েছে দিনে সাড়ে পাঁচ থেকে ছ’কোটি টাকা। পূর্ব মেদিনীপুরের আবগারি দপ্তরের সুপার মণীশ শর্মা বলেন, ২০২৪-’২৫ আর্থিক বছরে আমাদের জেলায় মোট ১৭৪০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। বিক্রির নিরিখে এই জেলা রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ