Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় গেস্টহাউস তৈরি করবে পূর্ব বর্ধমান জেলা পরিষদ, কলকাতায় হবে ভবন

দীঘায় গেস্টহাউস তৈরি করবে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। জমির জন্য তারা কয়েকদিনের মধ্যেই দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে চিঠি করবে। চিঠি পাওয়ার পর তারা কাজ শুরু করবে।

দীঘায় গেস্টহাউস তৈরি করবে পূর্ব বর্ধমান জেলা পরিষদ, কলকাতায় হবে ভবন
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দীঘায় গেস্টহাউস তৈরি করবে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। জমির জন্য তারা কয়েকদিনের মধ্যেই দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে চিঠি করবে। চিঠি পাওয়ার পর তারা কাজ শুরু করবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীঘায় বিভিন্ন পুরসভা এবং অন্য জেলা পরিষদের গেস্টহাউস রয়েছে। তবে রুম ভাড়া নিয়ে তারা গেস্টহাউস চালায়। এবার বর্ধমান জেলা পরিষদ নিজেরাই গেস্টহাউস নির্মাণ করবে। কলকাতাতেও তারা সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে ভবন তৈরি করবে। কম টাকা ভাড়া দিয়ে তারা পরীক্ষা দিতে গিয়ে সেখানে থাকতে পারবে। একইভাবে দীঘায় গেস্টহাউসের ভাড়াও কম হবে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের অ্যাসেট কমিটির সভা ছিল। সেখানেই এই দু’টি বিষয়ে আলোচনা হয়েছে। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, বিষয় দু’টি এখন প্রাথমিকস্তরে রয়েছে। তবে জেলার বাসিন্দাদের কথা ভেবে দু’টি প্রকল্পই বাস্তবায়িত করা হবে। জেলা পরিষদের নিজস্ব তহবিল আগের তুলনায় অনেক বেড়েছে। জেলা পরিষদ সূত্রে আরও জানা গিয়েছে, এদিন খণ্ডঘোষ ব্লকের পলেমপুর থেকে নবগ্রাম রাস্তায় বকেয়া টোল আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। গলসি-১ ব্লকে জেলা পরিষদের শিল্ল্যাঘাট ফেরিঘাট চালাতে গিয়ে ঠিকাদারকে সমস্যায় পড়তে হচ্ছে। কয়েকজন তাঁকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এদিন সেই বিষয়টি নিয়েও আলোচনা হয়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিভিন্ন এলাকায় জমি রয়েছে। সেগুলি কাজে লাগানো হলে আয় আরও বাড়ত। এই জমিগুলি কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, জেলা পরিষদের অধীনে থাকা রাস্তাগুলি বেহাল হয়ে রয়েছে। বর্ষায় তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তা সংস্কারের বিষয়েও জোর দেওয়া উচিত। সভাধিপতি বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে সব রাস্তায় সংস্কার করা হবে। জেলা পরিষদের দাবি, পরিকাঠামো উন্নয়নের পাশপাশি দীঘায় গেস্টহাউস বা কলকাতায় পড়ুয়াদের জন্য ভবন তৈরির সিদ্ধান্ত যথেষ্টই গুরুত্বপূর্ণ। মুর্শিদাবাদ জেলা পরিষদ অনেক আগেই ভবন তৈরি করেছে। সেটি উদ্বোধনও হয়ে গিয়েছে। সেই জেলার বাসিন্দারা কম খরচে সেখানে থাকতে পারেন। একইভাবে দীঘায় হুগলি, হাওড়া জেলার একাধিক পুরসভার গেস্টহাউস রয়েছে। সেই জেলার বাসিন্দারা কম খরচে এবং নিরাপদে সেখানে থাকতে পারেন। পূর্ব বর্ধমান জেলার বাসিন্দারাও কয়েক বছরের মধ্যেই সেই সুযোগ পাবেন। এই বিষয়টি নিয়ে ফের বৈঠক করা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ