অর্শদীপের বিনিময়ে হার্দিককে নিল পাঞ্জাব
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জল্পনা ছিলই। শেষ পর্যন্ত তাতে সিলমোহর পড়ল প্রাক্‌-দিপাবলীর সন্ধ্যায়। আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে আর দেখা যাবে না হার্দিক পান্ডিয়াকে। তবে কলকাতা নাইট রাইডার্সে নয়, পাঞ্জাব কিংসের জার্সি গায়ে চাপাবেন তারকা অলরাউন্ডার। পরিবর্ত হিসাবে প্রীতি জিন্টার পাঞ্জাব ছাড়ল অর্শদীপ সিংকে। এই ‘ট্রেড’ সম্পূর্ণ হয়েছে বলে আইপিএল সূত্রে খবর। অর্থাৎ, নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজির হয়ে কোটিপতি লিগে বল হাতে আক্রমণ শুরু করবেন যশপ্রীত বুমরাহ ও অর্শদীপ। এই প্রথমবার আইপিএলে পাঞ্জাব ছাড়া অন্য দলের হয়ে খেলবেন বাঁ-হাতি পেসার। ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত এই আসরে ৯৬ ম্যাচে ১১১ উইকেট রয়েছে তাঁর। ইকনমি রেট ৯.১৮। অন্যদিকে, শ্রেয়স আয়ারের নেতৃত্বে পাঞ্জাবে খেলবেন অলরাউন্ডার হার্দিক।

Advertisement

উল্লেখ্য, ২০২৪ সালের আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে ক্যাপ্টেন করেছিল মুম্বই। সেই সময় গুজরাত টাইটান্স থেকে আনা হয় হার্দিককে। কিন্তু সেই বদল কাজে আসেনি। বরং খারাপ হয়েছে ড্রেসিং-রুমের পরিবেশ। হার্দিকের নেতৃত্বে তিন বছরে মাত্র একবার প্লে-অফে ওঠে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই সময়কালে ৩৯ ম্যাচে তাঁর জয় মাত্র ১৫টিতে। হারের সংখ্যা ২৪। যা আভাস, তাতে ফের মুম্বইয়ের নেতা নিযুক্ত হতে পারেন রোহিত। কোচিং স্টাফেও এবার আমূল বদল করেছে তারা। কিয়েরন পোলার্ড হয়েছেন প্রধান কোচ। সাপোর্ট স্টাফ হিসাবে আছেন রবিন উথাপ্পা, মিচেল ম্যাকক্লেনাঘান ও টি দিলীপ।