Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাজস্থানের বিরুদ্ধে জিতল পাঞ্জাব কিংস

রাজস্থানের বিরুদ্ধে জিতল পাঞ্জাব কিংস
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: এ যেন উড়তা পাঞ্জাব! সত্যিই তো তাই। শ্রেয়স আয়ারের নেতৃত্বে এবারের কোটিপতি লিগে দুরন্ত ফর্মে পাঞ্জাব কিংস। রবিবার জয়পুরে রাজস্থান রয়্যালসকে ১০ রানে হারাল প্রীতি জিন্টার দল। ১২ ম্যাচে পাঞ্জাবের সংগ্রহ ১৭ পয়েন্ট। অন্যদিকে, ১৩ ম্যাচে সঞ্জু স্যামসনরা থেমে থাকলেন ৬ পয়েন্টেই। ম্যাচের নায়ক ‘ইমপ্যাক্ট সাব’ হরপ্রীত ব্রার। বাঁ-হাতি স্পিনার ২২ রানে একাই তুলে নেন ৩টি উইকেট।

Advertisement

টস জিতে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল পাঞ্জাব কিংস। ওপেনার প্রিয়াংশ আর্য মাত্র ৯ রানে আউট হন। খাতাই খুলতে পারেননি মিচেল ওয়েন। প্রভসিমরন সিং শুরুটা ভালো করেও ১০ বলে ২১ রানে থামেন। একটা সময় মনে হচ্ছিল দেড়শোর গণ্ডি টপকানোও সহজ হবে না পাঞ্জাবের পক্ষে। কিন্তু নেহাল ওয়াধেরা দুর্দান্ত ব্যাটিং করেন চাপের মুখে। ৩৭ বলে তাঁর সংগ্রহ ৭০। তিনি হাঁকান পাঁচটি চার ও পাঁচটি ছক্কা। তবে ক্যাপ্টেন শ্রেয়স আয়ার মাত্র ৩০ রান করে আউট হন। সেই ধাক্কা অবশ্য সামলে দেন শশাঙ্ক সিং। ৩০ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। ৯ বলে ২১ রানে নট-আউট থাকেন আজমাতুল্লাহ ওমারজাই। পাঞ্জাব  ৫ উইকেটে তোলে ২১৯। 
জবাবে রাজস্থানের শুরুটা দেখে মনে হচ্ছিল ২১৯ টার্গেট তাড়া করতে খুব বেশি বেগ পেতে হবে না। দুই বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে দিশাহারা দেখাচ্ছিল পাঞ্জাবের বোলারদের। একটা সময় ৪ ওভারে রাজস্থানের স্কোর ছিল বিনা উইকেটে ৬৭। ডাগ-আউটে বসা পাঞ্জাব কোচ রিকি পন্টিংয়ের কপালে তখন চিন্তার ভাঁজ। তিনি বুঝেই উঠতে পারছিলেন না কীভাবে থামাবেন এই ঝড়। শেষ পর্যন্ত ‘ইমপ্যাক্ট সাব’ হরপ্রীত ব্রার হয়ে উঠলেন পাঞ্জাবের পরিত্রাতা। ২২ রান দিয়ে নিলেন ৩ উইকেট। প্রথমে তিনি ফেরান সূর্যবংশীকে (১৫ বলে ৪০)। তারপর তুলে নেন যশস্বী জয়সওয়ালের উইকেট (২৫ বলে ৫০)। ডাগ-আউটে ফেরার আগে রাজস্থানকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন দুই ওপেনার। তার উপর জয়ের মিনার খাড়া করার সুযোগ ছিল। কিন্তু ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, রিয়ান পরাগরা ব্যর্থ হন। সঞ্জু চোট সারিয়ে উঠলেও রানে ফিরতে সময় লাগবে। ১৬ বলে ২০ রানে তিনি আউট হন। রিয়ানকে ১৩ রানে বোল্ড করেন হরপ্রীত। বিনা উইকেটে ৭৬ থেকে রাজস্থানের স্কোর দেখায় ১১৪-৩। একদিকে পর পর উইকেট পতন, অন্যদিকে আস্কিং রেটের মাথাচাড়া দেওয়া— জোড়া চ্যালেঞ্জ সামলে ধ্রুব জুরেল (৩১ বলে ৫৩) চেষ্টা করেছিলেন দলকে জেতানোর। কিন্তু সতীর্থদের থেকে কোনও সাহায্যই পাননি তিনি। ব্যর্থ শিমরন হেটমায়ারও (১১)। জানসেনের বলে জুরেল আউট হতেই রাজস্থানের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত স্যামসনদের লড়াই থামে ৭ উইকেটে ২০৯ রানে।

Advertisement
সম্পর্কিত সংবাদ