Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলক রায়, জেলা প্রশসনের সঙ্গে বৈঠক

দীঘায় রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলক রায়, জেলা প্রশসনের সঙ্গে বৈঠক
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীঘা জগন্নাথ মন্দিরে আসন্ন রথযাত্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে প্রশাসনের আধিকারিকদের ধারণা। সুশৃঙ্খলভাবে রথযাত্রা পরিচালনা করার লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বৈঠক করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কা঩রিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার (ডিএসডিএ) সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে ছিলেন দুই দপ্তরের প্রধান সচিব সহ জেলাশাসক পূর্ণেন্দু মাজী, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়, ডিএসডিএ’র সিইও নীলাঞ্জন মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। জগন্নাথ মন্দিরের ক্যাম্পাসে থাকা তিনটি রথ সহ গোটা মন্দির পরিদর্শন করেন মন্ত্রী। সেখান থেকে যান মাসির বাড়িতেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো রথযাত্রার সমস্ত আয়োজন ঠিকঠাক হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন।  রাস্তায় কোথাও কোনও বিদ্যুতের তার কিংবা গাছের ডাল বেরিয়ে রয়েছে কি না, নিজের চোখে দেখে নেন মন্ত্রী। জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ধাঁচে রথযাত্রার যাবতীয় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সাধারণ দর্শনার্থীদের জন্য ওল্ড থেকে নিউ দীঘা পর্যন্ত বেশ কিছু পানীয় জলের ক্যাম্প থাকবে। পিএইচই দপ্তরের তরফে ওই পানীয় জল বিতরণ করা হবে। দর্শনার্থীদের সাহায্যের জন্য ১০টি ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প করা হবে। রথযাত্রার সময় বিদ্যুতের যাতে সমস্যা না হয়, সে বিষয়েও আলোচনা হয়। স্বাস্থ্যদপ্তরের তরফে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত থাকবে বেশ কয়েকটি মেডিক্যাল ক্যাম্প। সেখানে চিকিৎসক-নার্সদের পাশাপাশি থাকবে প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র। উদ্বোধননী অনুষ্ঠানের মতোই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও অ্যাম্বুলেন্স থাকবে। রথযাত্রার আগের দিন ২৬ জুন থেকে দীঘায় ভক্তদের ভিড় বাড়তে শুরু করবে। কারণ ওইদিনই রথযাত্রার আগের গুরুত্বপূর্ণ আচার ‘নেত্র উৎসব’ এবং নবযৌবন উৎসব’। ঐতিহ্যবাহী স্নানযাত্রার পর পনেরো দিনের ‘অনসর পর্ব’ শেষে এদিন থেকেই ভক্তরা জগন্নাথদেব দর্শনের সুযোগ পাবেন। ২৫ জুন থেকে দীঘায় যানবাহন নিয়ন্ত্রিত হবে। সমস্ত গাড়ি বাইপাস হয়ে নিউ দীঘায় প্রবেশ করবে। অটো-টোটো চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। তার আগে ২৪ জুন ইসকনের প্রতিনিধিদের নিয়ে রথযাত্রার আচরণবিধি নিয়ে আর একটি বৈঠক হবে। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী রথযাত্রা নিয়ে নবান্নে প্রস্তুতি বৈঠক করেছেন। তাঁর নির্দেশগুলি নিয়ে আমরা জেলাশাসকের উপস্থিতিতে পর্যালোচনা করলাম। রথ যেখান থেকে যাবে, সেই গোটা এলাকা আমরা ঘুরে দেখেছি। মাসির বাড়িতেও প্রস্তুতি তুঙ্গে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ