পুজোর  ছড়া
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুজোর বাজেট
অভীক বসু

Advertisement

দুর্গাপুজো আসছে আবার
একটি বছর পরে,
দুগ্গা মায়ের আসন পাতা
বাংলা মায়ের ঘরে,
মায়ের সাথে গনু, কেতো
লক্ষ্মী এবং সরু
দেবলোকে পায়নি মহিষ
তাই অসুর চাপে গোরু,
পুজোর বাজার জমজমাটি
করছে দলে দলে,
কেউ বা ঘোরে গড়িহাটে
কেউ বা ছোটে মলে,
কেনা কাটার বাজেট কমা
বলল ডেকে মামা,
তাই তো আমি স্থির করেছি
মনে মনে জেদ ধরেছি,
এবার পুজোয় কিনব আমি
ফতুয়া আর পায়জামা।

দুই বিজ্ঞানী
দেবাশিস বসু

বিখ্যাত সে বিজ্ঞানী এক চন্দ্রকান্ত চাটুর্জে!
যন্ত্রপাতি নিয়ে তিনি
করেন খুটুর-খাটুর যে,
গবেষণা করেই শেষে
বলে বেড়ান দেশে দেশে...
জাপান ফেরত রোবোর নাকি
ধরেছে বাত হাঁটুর যে!
বিখ্যাত সে বিজ্ঞানী এক
গঙ্গাপদ গাঙ্গুলি!
গবেষণা করেন তিনি
নিয়েই গজল গানগুলি,
গবেষণা করেই শেষে
বলে বেড়ান দেশে-দেশে...
গ্যালিলিওর মাসতুতো ভাই
খেলত নাকি ডাংগুলি!