রেশনে ‘পুজো প্যাকেজ’ ৩০ নভেম্বর পর্যন্ত
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুম শেষ হয়ে গেলেও রাজ্য খাদ্যদপ্তরের বিশেষ পুজো প্যাকেজের খাদ্যসামগ্রী পুরো দেওয়া যায়নি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও রেশন ডিলারদের কাছে পুজো প্যাকেজের চিনি, ময়দা ও সুজি বেশ কিছু পরিমাণে পড়ে আছে। এই পরিস্থিতিতে পুজো প্যাকেজের খাদ্য বিক্রি করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করল খাদ্যদপ্তর। এর আগে ১৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা ছিল। পুজো প্যাকেজের ১০০ শতাংশই যাতে গ্রাহকদের কাছে পৌঁছায়, তার জন্য আপ্রাণ চেষ্টা করছে দপ্তর। 

Advertisement

গত ১৫ অক্টোবর, পুজো শুরুর মুখে এই প্যাকেজ দেওয়ার কাজ শুরু হয়। এর জন্য রেশন দোকানগুলিতে সপ্তমীর ছুটি বাতিল করা হয়। খাদ্যদপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকের রিপোর্টে উল্লেখ, রেশন দোকান থেকে ৮৪.৯০ শতাংশ চিনি, ৮৫.৭৯ ময়দা ও ৬৬.৯৮ শতাংশ সুজি গ্রাহকদের দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, সুজি রেশন দোকানে সরবরাহ করতে দেরি হয়েছে। তাই সবথেকে কম গ্রাহকের কাছে পৌঁছেছে। অনেক সময় পার হয়ে যাওয়ায় এখন গুণমান বজায় রেখে তা গ্রাহকদের দেওয়া একটা বড়ো  চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত পড়ে থাকা খাদ্যসামগ্রী নিয়ে কী করা  হবে, তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। পড়ে থাকা সামগ্রী ফেরত না নিলে ডিলারদের আর্থিক লোকসানে পড়তে হবে।