নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো উপলক্ষ্যে বিশেষ খাদ্য প্যাকেজে রেশন গ্রাহকরা ৩০ টাকা কেজি দরে চিনি ও ১৯ টাকা কেজিতে ময়দা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার নবান্নে জানিয়েছেন, পরিবার পিছু এক কেজি করে চিনি ও ময়দা ছাড়াও ৫০০ গ্রাম করে সুজি দেওয়া হবে। তবে সুজির দাম কত হবে, তা জানানো হয়নি। সুজির জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই বিশেষ খাদ্যের জন্য রাজ্য ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। আগের সরকার ২০ শতাংশ ভর্তুকি দিত। তখন কম সংখ্যক রেশন গ্রাহক পুজো প্যাকেজ পেতেন। এবার ২ কোটি পরিবারের ৮ কোটিরও বেশি রেশন গ্রাহক সুবিধা পাবেন। আগে ৫০ লক্ষ পরিবারকে দেওয়া হত। পুজো প্যাকেজের ভর্তুকি দিতে সরকারের দেড়শো কোটি খরচ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। গতবছর পর্যন্ত জাতীয় প্রকল্প (এনএফএসএ) আওতায় থাকা রেশন গ্রাহকদের দুটি শ্রেণিতে পুজো প্যাকেজ দেওয়া হত। এবার কেন্দ্র-রাজ্য সরকারের খাদ্য প্রকল্পের আওতায় থাকা সব রেশন গ্রাহক পুজোর খাদ্য প্যাকেজ পাবেন।



