নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছর দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করে কলকাতা পুলিশ। কোথায় কোন মণ্ডপ, কোন রাস্তা ধরলে সহজে পৌঁছনো যাবে—এক ঝলকে দেখে নেওয়ার জন্য সেই ম্যাপ হাতে নিয়েই রাস্তায় নামেন বহু ‘প্যান্ডেল হপার’। পুজো শেষে পরিস্থিতি এমন হয় যে রাস্তাগুলি কার্যত ঢেকে যায় ওই ম্যাপের কাগজে। তাই কাগজের ব্যবহার কমিয়ে আনতে এবার ডিজিটাল মাধ্যমে পুজো গাইড ম্যাপ আনছে লালবাজার। দেবীপক্ষে নতুন অ্যাপ লঞ্চ করছে কলকাতা পুলিশ। সেখানেই মিলবে গাইড ম্যাপ, আপৎকালীন ফোন নম্বর ও এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে যাওয়ার দিকনির্দেশ। তবে এবারও প্রথাগতভাবে কাগজের গাইড ম্যাপও প্রকাশ করবে কলকাতা পুলিশ।
গত ১০ সেপ্টেম্বর ধনধান্য অডিটোরিয়ামে শহরের সমস্ত পুজো কমিটির সঙ্গে সমন্বয় বৈঠক করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা। সেখানে এক পুজো উদ্যোক্তা দাবি করেন, দুর্গাপূজো নিয়ে কলকাতা পুলিশের যদি বিশেষ কোনও অ্যাপ তৈরি হয়, তাহলে সাধারণ মানুষের মণ্ডপে পৌঁছতে অনেক সুবিধা হয়। বিশেষ করে, কোন পথে গেলে সহজে পছন্দের মণ্ডপে পৌঁছনো যাবে, তা নিয়ে অনেক দর্শক ধন্দে পড়েন। কিন্তু অনেকে চেষ্টা করেও হাতে পান না পুলিশের গাইড ম্যাপ। অনেকে তা পেলেও রাস্তা গুলিয়ে ফেলেন ম্যাপ দেখতে দেখতে!
এই বিষয়টি মাথায় রেখেই অ্যাপ আনার সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ। সেই সূত্রে প্রতিটি পুজো কমিটিকে তাদের মণ্ডপের অবস্থান বা ‘লোকেশন’ পাঠাতে অনুরোধ করেছিলেন সিপি। সমন্বয় কমিটির বৈঠকে তিনি বলেছিলেন, ‘দুর্গাপুজো নিয়ে অ্যাপ তৈরির কাজ চলছে। অ্যাপটি যতটা সম্ভব ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করছি। আপনারা পুজো প্যান্ডেলের ম্যাপ, লোকেশন স্থানীয় থানাকে শেয়ার করে দেবেন।’ সেই মতো পুজো কমিটিগুলি তাদের মণ্ডপের ‘লোকেশন’ পাঠিয়েছে লালবাজারকে। সূত্রের খবর, গুগল ম্যাপের সঙ্গে লিঙ্ক করে রাস্তাঘাটের দিকনির্দেশ দেওয়া হবে পুলিশের অ্যাপে। কোথায় কোন মণ্ডপ রয়েছে, একটি প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে কীভাবে যাওয়া যাবে, দুই মণ্ডপের মধ্যে কতটা দূরত্ব, ঢোকার রাস্তা কোনদিকে—এরকম যাবতীয় প্রয়োজনীয় তথ্য থাকবে লালবাজারের অ্যাপে। কলকাতা পুলিশের ‘বন্ধ’ অ্যাপকেও এর সঙ্গে সংযুক্ত করা হবে।
পুজোয় ঘুরতে বেরিয়ে অনেক সময়ই কেউ না কেউ নিখোঁজ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার খবর আসে। অনেক সময় ভিড়ের মধ্যে অসাধু লোকজন মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করে। পুজো স্পেশাল অ্যাপ তৈরির ক্ষেত্রে এই বিষয়গুলিতেও বিশেষ গুরুত্ব দিয়েছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, অ্যাপে লালবাজারের মিসিং পার্সন স্কোয়াড এবং নারী ও শিশু সুরক্ষা সহ সমস্ত ইমার্জেন্সি পরিষেবার ফোন নম্বর থাকবে। সেই সঙ্গে ‘ওয়ান টাচ কল’-এর ফিচারও যুক্ত করেছে পুলিশ। অর্থাৎ ব্যবহারকারী কোনও নম্বরে ‘টাচ’ করলেই সরাসরি ফোন চলে যাবে লালবাজারের কন্ট্রোল রুমে।