নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: ‘যেমন কর্ম তেমন ফল।’ এই প্রাচীন আপ্তবাক্যটি পুলিশি এনকাউন্টারে মৃত দিলীপ রায়ের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে ফলে গেল। প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর থেকেই মূল অভিযুক্ত দিলীপের বিরুদ্ধে ব্যাপক জনরোষ দানা বাঁধছিল। গোটা এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছিলেন। এই জনরোষের আঁচ টের পেয়ে তার মরদেহ শেষবারের মতো বাড়িতেও নিয়ে যেতে পারল না পরিবার! মর্গ থেকে সরাসরি বন্দর শ্মশানঘাটে নিয়ে গিয়ে মৃতদেহ দাহ করা হয়।
পুলিশি এনকাউন্টারকে সমর্থন করে ছেলেকে ‘পাপী’ বলে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন তার মা। সোমবার থেকে দিলীপের দেহ মর্গে পড়েছিল। মঙ্গলবার পুলিশের উদ্যোগে দেহ সৎকারের ব্যবস্থা করা হয়। হাতেগোনা কয়েকজন আত্মীয় এসেছিলেন। বিক্ষোভের ভয়ে তাঁরা মৃতদেহ পাড়ায় নিয়ে যেতে পারেন নি। তাই ময়নাতদন্তের পর রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গ থেকে তার মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় বন্দর শ্মশানঘাটে। সেখানে কড়া পুলিশি নজরদারিতে দিলীপের দেহের শেষকৃত্য সম্পন্ন হয়। সৎকার শেষে দিলীপের মা বলেন, ছেলের যেমন কর্ম, তেমন ফল।
এদিকে, পুলিশ এনকাউন্টার নিয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। এই তদন্ত করছেন একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই এই কেস সিআইডিকে হস্তান্তর করা হতে পারে। পুলিশ আধিকারিকদের বক্তব্য, যেহেতু পুলিশ আত্মরক্ষার্থে এনকাউন্টার করেছে তাই নিরপেক্ষ সংস্থা হিসাবে সিআইডিকে দিয়ে এই কেসের তদন্ত করানো হবে।
এদিন ফরেন্সিক বিশেষজ্ঞরা এনকাউন্টার স্পট বিহার সংলগ্ন গৌরী গ্রাম পঞ্চায়েতের পারারপুকুর সংলগ্ন বাঁধের রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন। তাঁরা সন্ধ্যা পর্যন্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে খুঁটিনাটি পরীক্ষানিরীক্ষা করেন। এনকাউন্টার স্পট থেকে সংগ্রহ করেন নমুনা। সেই সঙ্গে মর্গে ঢুকে মৃত দিলীপের মৃতদেহ যাচাই করেন। ক’টি গুলি শরীরে লেগেছে? গুলিবিদ্ধ হওয়ার জন্য কি ধরনের ক্ষত তৈরী হয়েছে, ইত্যাদি খতিয়ে দেখেন। মৃতদেহের থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও এদিন কলকাতা থেকে আগত ফরেন্সিক বিশেষজ্ঞরা তাঁদের পর্যবেক্ষণ ও তদন্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
আব্দুলঘাটা এলাকা থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে ঘটনার সূত্রপাত হয়েছিল। পুলিশ তদন্তে নামার পর সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল টাওয়ার লোকেশন ইত্যাদি সূত্র ধরে ঘটনার মূলে পৌঁছানোর চেষ্টা চলছিল। এরপরেই পুলিশের নজর গিয়ে পড়েছিল প্রতিবেশী দিলীপের দিকে।
মৃত নাবালিকার সঙ্গে থাকা সাইকেলটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেটির সর্ম্পকেও পুলিশ তথ্য সংগ্রহ করে। এরপরেই দিলীপকে ট্র্যাক করে পুলিশ। সোমবার কাকভোরে বিহারে পালানোর সময় পুলিশ তাকে ধাওয়া করলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরেই এনকাউন্টার। মৃত্যু হয় তার।



