সংবাদদাতা, কান্দি: রবিবার কান্দি পুরসভায় ‘প্রধানমন্ত্রী শহরি মেলা’ শুরুর মুখে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন দুই বিজেপি নেতা। বিজেপির কান্দি কনভেনর মন্ত্রীর প্রতিনিধিকে চূড়ান্ত অপমান করে বেরিয়ে যেতে বলেন বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সরকারি আধিকারিকরা কোনোরকমে পরিস্থিতি সামাল দিয়ে অনুষ্ঠান শুরু করেন। কান্দি মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই সরকারি কর্মসূচির উদ্দেশ্য হল ঘরে ঘরে সৌর বিদ্যুতের প্রসার, বাড়ি বাড়ি শৌচালয় তৈরি ইত্যাদি। রবিবার ও সোমবার কান্দি পুরভবনে এই কর্মসূচি চলবে। পরবর্তী পাঁচদিন পুরসভার সমস্ত ওয়ার্ডে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।
রবিবার সকাল ১১টা নাগাদ কর্মসূচিটি শুরু হয়। শুরুর আগে হাজির হন কান্দির মহকুমা শাসক মঞ্জুশ্রী সহ অন্যান্য সরকারি আধিকারিক। আমন্ত্রিত হিসাবে বিজেপির কয়েকজন নেতাকে দেখা যায় সেখানে। কান্দির বিধায়ক তথা রাজ্যের অপ্রচলিত ও নবীকরণযোগ্য দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষের প্রতিনিধি হিসাবে বিজেপি নেতা গৌতম রায় হাজির ছিলেন। তিনি কান্দি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও। আর ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা কান্দি বিধানসভার ‘সেবাদূত’ ধনঞ্জয় মণ্ডল।
স্থানীয় সূত্রে খবর, সভা আরম্ভ হওয়ার মুখেই গৌতমবাবু ও ধনঞ্জয়বাবুর মধ্যে চরম বাগবিতণ্ডা শুরু হয়। গৌতমবাবুর দিকে আঙুল তুলে চিৎকার করে ধনঞ্জয়বাবুকে বলতে শোনা যায়, ‘আপনি কেন এখানে এসেছেন? এখান থেকে বেরিয়ে যান। আপনি দলের কেউ নন।’ এরপর তিনি সরকারি আধিকারিকদের বলেন, ‘গৌতমবাবু এখানে থাকবেন না। বাদবাকি সবাই এখানে থাকবেন, তাঁরা সবাই আমাদের দলের লোক।’ সেই সময় এক সরকারি আধিকারিক বলেন, ‘আপনি ভুল করছেন। এটা দলের প্রোগ্রাম নয়, এটা সরকারি প্রোগ্রাম।’ তখন ধনঞ্জয়বাবু ওই সরকারি আধিকারিককে লক্ষ্য করে পালটা বলেন, ‘পুরসভা হল আধা সরকারি। এমএলএ কে? এখানে এমএলএর প্রতিনিধিকে মানি না। এমএলএ হল সরকারের লোক, আমরা দলের প্রতিনিধিত্ব করছি। আমাকে দল থেকে সেবাদূত হিসাবে এখানে পাঠিয়েছে।’ দলের দুই নেতার এই প্রকাশ্য আকচাআকচিতে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। পরে সরকারি আধিকারিকদের হস্তক্ষেপে ঝামেলা মেটে। অনুষ্ঠান শুরু হয়।
পরে ধনঞ্জয়বাবু আরও বলেন, ‘গৌতমবাবুর এখানে থাকার কোনো অধিকার নেই। কারণ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর উনি বিজেপির লোক বলে পরিচয় দিচ্ছেন, মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচয় দিচ্ছেন। এই ধরনের লোকদের টাইট দেওয়ার জন্য আমাকে রাজ্য থেকে নির্দেশ দেওয়া হয়েছে।’ যদিও গৌতমবাবু বলেন, ‘ওঁর বয়স হয়েছে। মাথারও ঠিক নেই। দলের প্রবীণ কর্মী হিসাবে ওঁকে আমরা সম্মান করি। আসলে কোনটা সরকারি, কোনটা দলের কর্মসূচি, সেটাই উনি বোঝেন না।’ কান্দির মহকুমা শাসক জানান, অনুষ্ঠান শুরুর মুখে সামান্য গোলমাল হয়েছিল। কিছুক্ষণের মধ্যে তা মিটে গিয়েছে।


