সংবাদদাতা, কাঁথি: পটাশপুর থানার ভুবনমঙ্গলপুর এলাকায় এক প্রৌঢ়কে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছিল গত অক্টোবর মাসে। সেই ঘটনায় এক মহিলা ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম পার্বতী মাইতি ও শক্তিপদ পাল। বাড়ি ভুবনমঙ্গলপুর এলাকায়। বৃহস্পতিবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। এক মহিলাকে ধর্ষণের চেষ্টায় বিফল হয়ে বিষ খাইয়ে খুনের ঘটনায় অভিযুক্ত প্রৌঢ় শুকচাঁদ মাইতি(৬০) গণপ্রহারে মারা গিয়েছিলেন। সেই গণপ্রহারের ঘটনায় অভিযুক্তদের মধ্যে দু’জনকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
এর আগেও এই ঘটনায় দু’জন গ্রেপ্তার হয়েছিল। গত ৬অক্টোবর গণপিটুনির ঘটনাটি ঘটে। শুকচাঁদের সঙ্গে এলাকার এক প্রৌঢ়ার অবৈধ সম্পর্ক নিয়ে প্রতিবাদ করেছিলেন এক মহিলা। সেই ‘অপরাধে’ তাঁকে ধর্ষণের চেষ্টা এবং তাতে বিফল হয়ে মুখে বিষ ঢেলে খুনের অভিযোগ ওঠে শুকচাঁদের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় তমলুকের একটি নার্সিংহোমে মারা যান ওই মহিলা। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে শুকচাঁদকে ব্যাপক গণপ্রহার করে। পুলিশ তাঁকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে এগরা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুকচাঁদ। গণপ্রহারের ঘটনায় মৃতের পরিবারের তরফে ৪০জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নামে। তবে অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তরা গা-ঢাকা দেয়। পুলিশ বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।



