সংবাদদাতা, কাঁথি: পটাশপুরের পঁচেটে পুরনো, পরিত্যক্ত পঞ্চায়েত অফিস ভবন কোনওরকম টেন্ডার ছাড়াই ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এক্ষেত্রে আসবাবপত্র সহ প্রচুর ইট, ৫০ কুইন্টালের কাছাকাছি রড এবং বালি উধাও হয়ে গিয়েছে। এই অভিযোগে তৃণমূল পরিচালিত পঁচেট গ্রাম পঞ্চায়েত এলাকায় শোরগোল শুরু হয়েছে। অভিযোগের তির পঞ্চায়েত কর্তৃপক্ষের দিকে। এই পরিস্থিতিতে পঁচেট রাজবাড়ির এক সদস্য ফাল্গুনী দাসমহাপাত্র বিডিও, মহকুমা শাসক, জেলাশাসক সহ প্রশাসনের সমস্ত মহলে অভিযোগ জানিয়েছেন। এমনকী তিনি মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগপত্র পাঠিয়েছেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঁচেট বাজার এলাকায় পঞ্চায়েতের দ্বিতল বিশিষ্ট ভবন ছিল। পরবর্তীকালে পাশে নতুন ভবন তৈরি হয়। তখন পুরনো ভবনটি পরিত্যক্ত হয়ে যায়। গত নভেম্বরে জেসিবি দিয়ে পুরনো ভবনটি ভাঙা হয়। অভিযোগকারীর প্রশ্ন, পুরনো ভবনের আসবাবপত্র সহ রড ও ইট কোথায় গেল? এবিষয়ে ফাল্গুনীবাবু বলেন, লক্ষ লক্ষ টাকার সামগ্রী উধাও হয়ে গিয়েছে। এব্যাপারে পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে পারেনি। প্রশাসনিক মহলে বিষয়টি জানিয়েছি। এবিষয়ে পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি বলেন, যেহেতু আগেই পঞ্চায়েতের নতুন ভবন নির্মাণ হয়েছে। অনেকদিন পড়ে থাকার পর পুরনো ভবন ভেঙে দেওয়া হয়েছে। পুরনো আসবাবপত্র নতুন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আর পুরনো ইট ও বালি গ্রামের কাঁচা রাস্তায় ফেলা হয়েছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিডিও শঙ্খ ঘটক বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।



