Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পটাশপুরে গণপ্রহারে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

পটাশপুরে গণপ্রহারে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: পটাশপুর থানার ভুবন মঙ্গলপুর এলাকায় এক মহিলাকে বিষ খাইয়ে খুনের ঘটনায় অভিযুক্ত প্রৌঢ় শুকচাঁদ মাইতি(৬০) গণপ্রহারে মারা গিয়েছিল। সেই গণপ্রহারের ঘটনায় অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। ভুবন মঙ্গলপুর গণপিটুনি কাণ্ডে এই প্রথম কাউকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম স্বপন মাইতি ও সুভাষ বর্মন। তাদের বাড়ি ভুবনমঙ্গলপুর এলাকাতেই। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের সাতদিন পুলিস হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
উল্লেখ্য, গত ৬অক্টোবর গণপিটুনির ঘটনাটি ঘটে। এর আগে শুকচাঁদের সঙ্গে এলাকার এক প্রৌঢ়ার অবৈধ সম্পর্ক নিয়ে প্রতিবাদ করেছিলেন এক মহিলা। সেই ‘অপরাধে’ তাঁকে ধর্ষণের চেষ্টা এবং তাতে বিফল হয়ে মুখে বিষ ঢেলে খুনের অভিযোগ ওঠে শুকচাঁদের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় তমলুকের একটি নার্সিংহোমে মারা যান ওই মহিলা। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে শুকচাঁদকে ব্যাপক গণপ্রহার করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শুঁকচাদ। গণপ্রহারের ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে ৪০জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। 
সম্পর্কিত সংবাদ