সংবাদদাতা, বিষ্ণুপুর: ১২ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে পুলিস পাত্রসায়রের রসুলপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শেখ রমজান। তার বাড়ি রসুলপুরেই। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ১৪দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি শেখ রমজান পাত্রসায়র থানা এলাকায় একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে নির্মান কাজ করছিল। সেই সূত্রে পাশের একটি বাড়ির লোকেদের সঙ্গে রমজান কথাবার্তাও বলত। শনিবার দুপুরে ওই বাড়ির লোকেরা চাষের কাজে মাঠে চলে গিয়েছিলেন। বাড়িতে কেবলমাত্র ১২ বছরের নাবালিকা ছিল। সেই সুযোগে রমজান ওই বাড়িতে যায়। ওই নাবালিকার কাছে পানীয় জল চায়। নাবালিকা সরল বিশ্বাসে তাকে একটি মগে করে জল এনে দেয়। ওই সময় রমজান নাবালিকাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরে বিকালের দিকে বাড়ির লোকেরা মাঠ থেকে ফিরলে নাবালিকা সব ঘটনা তাঁদেরকে বলে। এরপর সন্ধ্যায় নাবালিকার বাবা পাত্রসায়র থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে পুলিস রাতেই শেখ রমজানকে গ্রেপ্তার করে।



